অভিষেক হলো মেসির, সহজেই জিতল পিএসজি

101

খেলাধুলা ডেস্ক: ইঙ্গিত মিলেছিল আগেই, নিশ্চয়তা মেলে ম্যাচের ঘণ্টা সাতেক আগে। রেইমসের বিপক্ষে ম্যাচের ২২ জনের স্কোয়াডে লিওনেল মেসিকে রেখেছিলেন প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) কোচ মাউরিসিও পচেত্তিনো। কিন্তু ১১ জনের মূল একাদশে আর্জেন্টাইন সুপারস্টারকে নামাননি পিএসজি কোচ।

বাংলাদেশ সময় রাত ১২টা ৪৫ মিনিটে শুরু হয় ম্যাচ। সবার আগ্রহ তখন সাইড বেঞ্চে বসে থাকা লিওনেল মেসির ওপর। সবাই যেন অপেক্ষা করছিলেন, কখন পচেত্তিনো ইশারা দেবেন মেসিকে মাঠে নামার। সেই মাহেন্দ্রক্ষণের জন্য অপেক্ষা করতে হয়েছে ম্যাচের ৬৬ মিনিট ২-০ গোলে এগিয়ে। তখন দশ নম্বর জার্সি পরা নেইমার জুনিয়রকে তুলে নেয়ার সিদ্ধান্ত নিলেন পচেত্তিনো। তার বদলে নামাবেন কাকে? ত্রিশ নম্বর জার্সি পরা লিওনেল মেসিকে। এই জার্সি নম্বরেই বার্সেলোনার হয়ে অভিষেক হয়েছিল মেসির। সেই একই জার্সি নম্বরে এবার পিএসজির হয়ে প্রথম ম্যাচটি খেললেন এ ফুটবল জাদুকর।