নিহতদের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান আল্লামা মাসঊদের

223

ঢাকা সংবাদদাতা : গত কয়েক দিনে সংঘর্ষে নিহত ছাত্র ও জনসাধারণের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ।

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।

আল্লামা মাসঊদ বলেন, দেশের জনগণ এখন এক চরম নৈরাজ্যকর পরিস্থিতি অতিক্রম করছে। যারা নিহত ও আহত হয়েছেন, তাদের স্বজনদের মতো আমিও গভীরভাবে ব্যথিত, শোকাভিভূত ও উদ্বিগ্ন। বিশেষ করে যারা নিহত হয়েছেন তাদের প্রতি গভীর শোক জানাই।

স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, সামাজিক ও সেবামূলক সংগঠন এবং বিশেষভাবে হেফাজতে ইসলামের নেতৃবৃন্দের যার যার অবস্থান থেকে সাধ্যমতো সহযোগিতা নিয়ে নিহতদের অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি।

দেশবাসীকে দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র এবং গুজব সম্পর্কে সজাগ থাকার আহ্বান জানিয়ে আল্লামা মাসঊদ বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, মুমিন এক গর্তে দুইবার পতিত হয় না।

হেফাজতে ইসলামের কর্মসূচিতে নৈরাজ্য ও আহত-নিহত হওয়ার বিষয়ে তদন্তের দাবি জানিয়ে তিনি বলেন, শুক্রবার হেফাজতের বিক্ষোভে নেতাকর্মীসহ জনসাধারণ আহত-নিহত হয়েছেন। ওই ঘটনার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়াসহ বিভিন্ন জেলায় অনুষ্ঠিত বিক্ষোভে আরও কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এমনকি রোববারের হরতাল কর্মসূচি পালনকালেও প্রাণহানি ঘটেছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে এসবের প্রকৃত ঘটনা বের করে আনতে হবে এবং দোষীদের শাস্তি নিশ্চিত করতে হবে।