আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারে একদিনে কমপক্ষে ১১৪ জন বেসামরিক মানুষকে হত্যার নিন্দা জানিয়েছেন ১২টি দেশের প্রতিরক্ষা প্রধানরা। এমন নিন্দা জানানোর ঘটনা বিরল। রোববার যৌথ এক বিবৃতিতে এই নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্র, বৃটেন, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, কানাডা, জার্মানি, গ্রিস, ইতালি, ডেনমার্ক, নেদারল্যান্ডস এবং নিউজিল্যান্ডসের প্রতিরক্ষা প্রধানরা। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। মিয়ানমারের সামরিক জান্তার বিরুদ্ধে দেয়া বিরল ওই বিবৃতিতে তারা বলেছেন, যে মানুষের সেবা দেয়ার কথা- তাদের ক্ষতি না করে, সুরক্ষা দেয়ার জন্য দায়বদ্ধ সেনাবাহিনী। এক্ষেত্রে তাদেরকে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আন্তর্জাতিক মানদ- অনুসরণ করতে হবে। আমরা মিয়ানমারের সশস্ত্র বাহিনীর প্রতি আহ্বান জানাই সহিংসতা বর্জন করতে। একই সঙ্গে মিয়ানমারের জনগণের সঙ্গে সম্মান ও বিশ্বাসযোগ্যতা পুনঃপ্রতিষ্ঠা করে কাজ করার আহ্বান জানাই।
উল্লেখ্য, শনিবার মিয়ানমারের সশস্ত্র বাহিনী দিবসে পাখির মতো গুলি করে সামরিক জান্তা হত্যা করেছে কমপক্ষে ১১৪ জনকে। এর মধ্যে বেশ কয়েকটি শিশু আছে। একে গণহত্যা বলে অভিহিত করেছেন জাতিসংঘের তদন্তকারীরা। ওদিকে বিক্ষোভকারীদের প্রধান গ্রুপগুলোর মধ্যে অন্যতম জেনারেল স্ট্রাইক কমিটি অব ন্যাশনালিটিজ (জিএসসিএন) নিহতদের প্রতি শ্রদ্ধা প্রকাশ করেছে। তারা ফেসবুকে দেয়া পোস্টে বলেছে, এই বিপ্লবের সময়ে যেসব হিরো জীবন উৎসর্গ করেছেন তাদেরকে আমরা স্যালুট জানাই। তারা পোস্টে আরো লিখেছে, এই বিপ্লবে আমদেরকে জিততেই হবে।















