ঢাকা সংবাদদাতা: রাজধানীর লালমাটিয়া মহিলা কলেজের একাডেমিক ভবনের চার তলার ছাদ থেকে লাফিয়ে পড়ে শাহেলা হোসেন (২২) নামের এক ছাত্রী আত্মহত্যা করেছে বলে পুলিশ জানিয়েছে। আজ মঙ্গলবার সকালে এই ঘটনা ঘটে।
ঘটনার পরপর কলেজ কর্তৃপক্ষ দ্রুত শাহেলাকে পাশের সিটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শাহেলা গাজীপুরের রাজেন্দ্রপুরের মনোয়ার হোসেনের মেয়ে। পরিবারের সঙ্গে থাকত ঢাকার তুরাগ থানাধীন দলিপাড়া এলাকায়।
মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম মৃত ছাত্রীর পরিবারের বরাত দিয়ে জানান, শাহেলা লালমাটিয়া মহিলা কলেজের মার্কেটিং বিভাগের স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষে পড়তেন। তিন বছর ধরে তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন। এই কারণে শাহেলা আত্মহত্যা করতে পারে বলে পরিবার ধারণা করছে।
এসআই শফিকুল জানান, শাহেলা আজ সকাল কলেজে এসে একাডেমিক ভবনের চার তলার ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেন। ময়নাতদন্তের জন্য লাশ বিকেলে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।















