আন্তর্জাতিক ডেস্ক: ভারত থেকে প্রায় ৮ লাখ ৭০ হাজার ডোজ ভ্যাকসিন আমদানি করতে যাচ্ছে মেক্সিকো। ফেব্রুয়ারি মাসেই এই আমদানি শুরু হবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আন্দ্রেজ ম্যানুয়েল লোপেজ। একইসঙ্গে দেশটি স্থানীয়ভাবেও ভ্যাকসিন উৎপাদনে যাবে বলে জানিয়েছেন তিনি। এ খবর দিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স।
খবরে বলা হয়, মেক্সিকো ও আর্জেন্টিনা এস্ট্রেজেনেকার সঙ্গে চুক্তি করেছে। চুক্তি অনুযায়ী, দেশ দুটি ভারতের মতোই এস্ট্রাজেনেকার ভ্যাকসিন উৎপাদন করতে পারবে। এ নিয়ে এক ভিডিও বার্তায় প্রেসিডেন্ট লোপেজ বলেন, আমরা এস্ট্রাজেনেকার ভ্যাকসিন উৎপাদন করতে যাচ্ছি এবং একইসঙ্গে ভারত থেকেও ভ্যাকসিন আমদানি শুরু করছি। এছাড়া, আগামী ১০ই ফেব্রুয়ারি নাগাদ ফাইজারের ভ্যাকসিনও আসবে মেক্সিকোতে। দেশটি প্রাথমিকভাবে ১৫ লাখ ডোজ ভ্যাকসিন কিনবে ফাইজারের থেকে।















