আন্তর্জাতিক ডেস্ক: জাদু করে মানুষকে ছাগল বানিয়ে দেয়ার অভিযোগ উঠেছে কথিত এক জাদুকরের বিরুদ্ধে। এরপর ঐ ব্যাক্তিকে গণধোলাই দেয় গ্রামবাসী। পুলিশের উপস্থিতিতে কোন রকমে প্রাণে বেঁচে যান কথিত ওই জাদুকর।
দক্ষিণ নাইজেরিয়ার পোর্ট হারকোর্ট শহরে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় ছাগল, ভুক্তভোগী ব্যক্তি ও বিক্ষুব্ধ দুইজনকে আটক করেছে দেশটির পুলিশ।
আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা যায়, ৩৬ বছরের একজন লোকের পিছনে পিছনে একটি ছাগল অনুসরণ করছিলো। কোনোভাবেই ছাগলটিকে নিজের পিছন থেকে সরাতে পারছিলেন না ওই লোক।
তখন এলাকার লোকজন সন্দেহ করলো, এটা ছাগল হতে পারে না! নিশ্চয়ই কোনো মানুষকে জাদু করে ছাগল বানিয়ে ফেলেছে লোকটি। না হলে তার পেছন ছাড়বে না কেন?
এরপর এলাকাবাসী জড়ো হয়ে শুরু করে গণধোলাই। জ্ঞান হারানোর আগ পর্যন্ত চলতে থাকে। শেষ পর্যন্ত পুলিশ এসে উদ্ধার করলে প্রাণে বেঁচে যান ‘ছাগল বশে আনার অপরাধ করা’ ব্যক্তিটি!
পুলিশের জিজ্ঞাসাবাদে কথিত ঐ জাদুকর বলেন, আমি পায়চারি করছিলাম। হঠাৎ দেখি ছাগলটি আমার পেছন পেছন অনুসরণ করছে। তখন কিছু বিস্কুট কিনে তাকে দেই। এরপরও পিছু ছাড়ছিলো না। মানুষ মনে করেছে আমি মানুষকে ছাগল বানিয়ে পেছন পেছন ঘুরাচ্ছি। আশ্চর্য, এটা কিভাবে সম্ভব!















