খেলাধুলা ডেস্ক: ২০১৯ সালের ২৮শে অক্টোবর এক বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন সাকিব আল হাসান। তার আগে ওয়ানডে বিশ্বকাপে ৬০৬ রান করার পাশাপাশি নেন ১১ উইকেট। স্বপ্নের মতো এক বিশ্বকাপ শেষ করার পরই নেমে আসে নিষেধাজ্ঞার খড়গ। গত বছরের ২৮শে অক্টোবর নিষেধাজ্ঞা শেষ হলেও সাকিবের ফেরা হয়নি আন্তর্জাতিক ক্রিকেটে। চলতি মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজেই আন্তর্জাতিক আঙিনায় প্রত্যাবর্তন হবে টাইগার অলরাউন্ডারের। জাতীয় দলের সঙ্গে যোগ দিতে আজ রোববার সকালে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন সাকিব।
নিষেধাজ্ঞা শেষে খেলেছেন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ। তবে সেই আসরের ফাইনাল খেলা হয়নি সাকিবের। তার আগে খেলা ৯ ম্যাচে ১২০.৮৭ স্ট্রাইক রেটে করেন ১১০ রান।
৬ ইকোনমিতে সাকিবের শিকার ৬ উইকেট। আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার রোমাঞ্চ নিয়ে দেশে ফিরেছেন সাকিব। জাতীয় দলের হয়ে ২০১৯ সালের সেপ্টেম্বরে আফগানিস্তানের বিপক্ষে খেলেছিলেন শেষ ম্যাচ। প্রায় ১৬ মাস অপেক্ষার অবসান হবে আগামী ২০শে জানুয়ারি। সেদিনই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শুরু হবে বাংলাদেশের ওয়ানডে সিরিজ। রোববার বিমানবন্দরে নেমে সাকিব বলেন, ‘এবারের ফেরাটা অন্যরকম। শ্রীলঙ্কা সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার কথা থাকলেও সেটা হয়নি। যা হতাশার। ওয়েস্ট ইন্ডিজকে ধন্যবাদ সফরে আসার জন্য। আবারো আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছি ভেবে ভালো লাগছে। বেশ উত্তেজনা অনুভব করছি। তবে ফেরাটা সহজ হবে না আমার জন্য। চেষ্টা করবো আগের জায়গায় ফেরার।’
বাংলাদেশ সফরে দুটি টেস্ট ও তিন ওয়ানডে খেলবে ওয়েস্ট ইন্ডিজ দল। এ দুই সংস্করণের সিরিজের জন্য ক্যারিবীয়দের ১৫ সদস্যের দলে নেই তারকা ক্রিকেটারদের কেউ। ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক কাইরন পোলার্ড, টেস্ট অধিনায়ক জেসন হোল্ডারের সঙ্গে সিরিজ থেকে নাম সরিয়ে নিয়েছেন ড্যারেন ব্রাভো, রোস্টন চেজ, শেলডন কটরেল, এভিন লুইস, শাই হোপ, শিমরন হেটমায়ার, নিকোলাস পুরান, ফাবিয়েন অ্যালেন ও শেন ডাওরিচরা। বেশির ভাগ খেলোয়াড়ই করোনার ভয়ে সফর থেকে নাম সরিয়ে নিয়েছেন। কেউ আবার ব্যক্তিগত কারণে। সাকিব মনে করেন, এই ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে যদি বাংলাদেশ ভালো করতে না পারে তাহলে হবে চরম হতাশাজনক। তিনি বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজ সিরিজে যদি আমরা না ভালো করি সেটা হবে হাতাশার।’
নতুন বছরের প্রথম দিনে তৃতীয় সন্তানের বাবা হওয়ার সুখবর দিয়েছেন নাম্বার ওয়ান ওয়ানডে অলরাউন্ডার। সে সম্পর্কে সাকিব বলেন, ‘নতুন সন্তানের খবর আনন্দের। সবার দোয়া চাই যেন বাচ্চা সুস্থ থাকতে পারে।’
নিষিদ্ধ হওয়ার আগে ওয়ানডে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের শীর্ষে, টেস্টে তিনে এবং টি-টোয়েন্টিতে দুই নম্বরে ছিলেন সাকিব। নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর প্রথম হালনাগাদেই ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে আগের জায়গা ফিরে পান। আর টেস্টে একধাপ নেমে চারে রয়েছেন ৩৩ বছর বয়সী টাইগার অলরাউন্ডার।














