আন্তর্জাতিক ডেস্ক: লাহোর সেন্ট্রাল জেলের যে সেলে মরিয়ম নওয়াজ থাকতেন সেখানে ক্যামেরা লাগানো ছিল। এমনকি যে বাথরুম ব্যবহার করতেন সেখানেও ক্যামেরা লাগানো ছিল।
সম্প্রতি এক সাক্ষাৎকারে এ বিস্ফোরক অভিযোগ তোলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের মেয়ে ও পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন)-এর ভাইস প্রেসিডেন্ট মরিয়ম নওয়াজ (৪৭)। বৃহস্পতিবার দেশটির প্রভাবশালী গণমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আর্থিক তছরুপের মামলায় গত বছরে গ্রেফতার হয়েছিলেন মরিয়ম। জেলে থাকাকালীন তাকে কী কী সমস্যার মুখোমুখি হতে হয়েছিল সাক্ষাৎকারে তাও তুলে ধরেন তিনি।
মরিয়ম বলেন, ‘দু’বার আমাকে জেল খাটতে হয়েছে। এক জন মহিলা হওয়া সত্ত্বেও কীভাবে জেলের ভেতরে আমার সঙ্গে আচরণ করা হয়েছে সে বিষয়ে যদি বলা শুরু করি তা হলে ওরা মুখ দেখাতে পারবেন না।’
এরপরই ইমরান খানের সরকারের দিকে আঙুল তুলে বলেন, ‘তোমরা যদি মরিয়ম নওয়াজের ঘরের দরজা ভেঙে তার শয়ন কক্ষে প্রবেশ করতে পার; তাকে যদি তার বাবার সামনে থেকে গ্রেফতার করতে পার; তোমরা যদি তার কারা কক্ষ ও বাথরুমে গোপন ক্যামেরা স্থাপন করতে পার, তাহলে অন্য নারী কয়েদিদের ক্ষেত্রে কী ঘটছে তা আর বলার অপেক্ষা থাকে না।’
নিজের উদাহরণ তুলে মরিয়মের দাবি, যেভাবে তার সঙ্গে আচরণ করা হয়েছে, তাতে বোঝা যাচ্ছে এ দেশের মহিলারা কতটা সুরক্ষিত! এর পরই তার হুশিয়ারি, ‘ভাববেন না মেয়েরা দুর্বল, তা সে পাকিস্তান হোক বা বিশ্বের যে কোনো প্রান্ত।’
সাক্ষাৎকারে মরিয়মের আরও অভিযোগ, পাক প্রশাসন যদি তার ঘরে জোর করে ঢুকে বাবার সামনেই গ্রেফতার করতে পারে, তাহলে তারা আরও অনেক কিছু করতে পারে। এটাই প্রমাণ করছে পাকিস্তানে মহিলাদের অবস্থা কেমন।















