মাহবুব আলী খানশূর : ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি আসন্ন সাধারণ নির্বাচন ঘিরে গতকাল আনুষ্ঠানিকভাবে তাদের নির্বাচনী ইশতেহারে অভিবাসী ঠেকানোর পাশাপাশি ব্রিটিশ নাগরিকদের স্বাস্থ্যসেবার খরচ কমানোর অঙ্গীকার করেছে। বিদেশী শিক্ষার্থীদের বিষয়ে বর্তমানে যেমন কঠোর নিয়মে রয়েছে তা বলবৎ থাকবে বলে ইশতেহারে ইংগিত দেয়া হয়। তবে বিদেশি শিক্ষার্থীদের অভিবাসন হিসাব থেকে বাদ দেওয়ার যে দাবি ছিল, তা নাকচ করে দেওয়া হয়েছে এ ইশতেহারে। গতবারের প্রধানমন্ত্রী ও কনজারভেটিভ পার্টির প্রধান থেরেসা মে ওই ইশতেহার ঘোষণা করেছেন।
প্রতি বছর ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও বিশ্বের অন্যান্য দেশ থেকে বিপুল সংখ্যক অভিবাসী যুক্তরাজ্যে প্রবেশ করে। এসব অভিবাসীর অবাধ প্রবেশ রোধে গত বছর গণভোটে জোট ত্যাগের সিদ্ধান্ত গ্রহণ করে ব্রিটেনবাসী। দেশবাসীর সিদ্ধান্ত বাস্তবায়নে অভিবাসী বিষয়ে কঠোর অবস্থান গ্রহণ করেছে কনজারভেটিভ পার্টি। থেরেসা মে’র মতে, অতি দ্রুত বিপুল সংখ্যক অভিবাসী প্রবেশ করলে সমাজকে একীভূত করা সম্ভব হয় না। তাই নির্বাচনী ইশতেহার ঘোষণার সময় অভিবাসী বিষয়ে নিজের অবস্থান সুস্পষ্ট করেন থেরেসা মে।
বর্তমানে জোটবহির্ভূত দেশ থেকে আগত অভিবাসী নিয়ন্ত্রণে কাজ করবে কনজারভেটিভ পার্টি। পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে ব্রেক্সিট কার্যকরের পর ইইউ দেশগুলো থেকে আগত অভিবাসীদের প্রবেশ নিয়ন্ত্রণ করা হবে। ব্রেক্সিট গণভোটের সময় ইইউ নার্র্গরিকদের অবাধ প্রবেশাধিকার রোধের যে অঙ্গীকার করা হয়েছিল, ভবিষ্যতে তা বাস্তবায়নে কাজ করে যাবে কনজারভেটিভ পার্টি । ওয়ানবাংলার পর্যাবেক্ষনে জানা যায়, থেরেসা মে যদি তার কথামতো কাজ করেন, তবে ভবিষ্যতে জোটভুক্ত বাকি ২৭টি দেশের নাগরিকরা অবাধে যুক্তরাজ্যে প্রবেশ করতে পারবে না।
এছাড়া ইশতেহারে আরো বলা হয় , আগামী দিনগুলোতে প্রবাসী শ্রমিক নিয়োগ করলে কোম্পানিগুলোকে অধিক অর্থ প্রদান করতে হবে। গত মাস থেকেই দক্ষ প্রবাসী শ্রমিকের ওপর ‘স্কিল চার্জ’ আরোপ করছে ব্রিটিশ সরকার। সরকারের আরোপিত নিয়ম অনুসারে, বিশেষায়িত কাজের ক্ষেত্রে ইইউ বহির্ভূত দেশ থেকে দক্ষ কর্মী নিয়োগ করলে ব্রিটিশ কোম্পানিগুলোকে ‘স্কিল চার্জ’ প্রদান করতে হবে।
বর্তমানে ইউরোপীয় অর্থনৈতিক এলাকার বাইরে থেকে কোনো দক্ষ প্রবাসী শ্রমিক নিয়োগ করলে ক্ষুদ্র ও দাতব্য সংগঠনগুলোকে বছরে ৩৬৪ পাউন্ড ও বৃহদায়তন প্রতিষ্ঠানগুলোকে বছরে ১ হাজার পাউন্ড স্কিল চার্জ প্রদান করতে হয়। ইশতেহারে কনজারভেটিভ পার্টি জানায়, ৮ জুনের সাধারণ নির্বাচনে দল জয়লাভ করলে স্কিল চার্জ বাড়িয়ে ২ হাজার পাউন্ড করা হবে। স্কিল চার্জ দ্বিগুণ করলে স্বভাবতই সরকারের আয়ও বৃদ্ধি পাবে। বাড়তি আয় ব্রিটিশ কর্মীদের দক্ষতা বৃদ্ধিতে ব্যয় করা হবে বলে জানায় কনজারভেটিভ পার্টি।
স্কিল চার্জ বাড়ানোর পাশাপাশি অভিবাসীদের চিকিত্সা ব্যয়ও বাড়াবে কনজারভেটিভ পার্টি। বিবিসির প্রতিবেদন অনুযায়ী, ন্যাশনাল হেলথ সার্ভিস (এনএইচএস) পেতে হলে আগামীতে অভিবাসীদের অধিক অর্থ প্রদান করতে হবে। তবে সাত বছর ধরে অভিবাসী নিয়ন্ত্রণে ব্যর্থ রাজনৈতিক দলটি ভবিষ্যতে নিজেদের লক্ষ্য পূরণে কতটা সফল হবে, তা এখনো নিশ্চিত নয়।















