ঢাকা সংবাদদাতা: সুস্থ হওয়ার পর ফের করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন নরসিংদী সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যানবিদ আব্দুল মতিন (৫৯)। সোমবার (১৫ জুন) সকাল ৮টায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নরসিংদীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন এ তথ্য জানিয়েছেন।
সিভিল সার্জন ও তার সহকর্মীরা জানান, উপসর্গ না থাকলেও এপ্রিলে নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ হন আব্দুল মতিন। পরে পরীক্ষায় তার নেগেটিভ আসে। পরবর্তীতে তিনি অফিস করা শুরু করেন। কয়েকদিন আগে থেকে তার জ্বর, শ্বাসকষ্ট, কাশি, গলাব্যথাসহ বিভিন্ন উপসর্গ দেখা দিলে তাকে করোনা ডেডিকেটেড নরসিংদী জেলা হাসপাতালে নেওয়া হয়। সেখানকার চিকিৎসকরা তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। ১০ জুন থেকে আব্দুল মতিন ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। নমুনা পরীক্ষায় রবিবার (১৪ জুন) তার করোনা পজেটিভ আসে। চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তার মৃত্যু হয়েছে।















