ওয়ানবাংলানিউজ: ব্রিটেনে করোনা ভাইরাসে মারা গেছেন বাংলাদেশে জন্মগ্রহণকারী আর এক ব্রিটিশ নাগরিক। তার নাম হাজী আহমদ আলী। তিনি ব্রিটেনের লেষ্টার সিটিতে বসবাস করতেন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। আজ বুধবার ব্রিটেন সময় ভোর সাড়ে চারটায় লেষ্টার জেনারেল হসপিটালে তিনি ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি….. রাজেউন।
পারিবারিক সূত্রে জানাগেছে বয়সের তুলনায় শারিরীকভাবে তিনি অনেকটা সুস্থ সবল ছিলেন। হঠাৎ গত শুক্রবার তিনি অসুস্থ হলে তাকে স্থানীয় হসপিঠালে নেওয়া হয় এবং বিভিন্ন পরীক্ষা নিরিক্ষার পর ডাক্তাররা জানান তিনি করোনা ভাইরাসে আক্রান্ত। আর এ অবস্থায় উপরোক্ত হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন এবং আজ না ফেরার দেশে চলে গেলেন।
লেষ্টারে বাঙ্গালী কমিউনিটির কাছে সর্বজন শ্রদ্ধেয় হাজী আহমদ আলীর দেশের বাড়ী সিলেটের বিশ্বনাথ উপজেলার স্থানীয় কারিকোনা গ্রামে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৬ কন্যা, ৪পুত্র,অসংখ্য নাতি, নাতনী সহ অনেক আত্নীয় স্বজন ও শুভাকাঙ্খী রেখে গেছেন। কারিকোনা গ্রামের প্রবীণ ও সামাজিক ব্যক্তিত্ব হাজী আহমদ আলীর ইন্তেকালে তার নিজ গ্রামের মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।















