কনডমের বাজারে সঙ্কটের শঙ্কা

1056

আন্তর্জাতিক ডেস্ক: মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের কারণে লকডাউনে থাকা মালয়েশিয়ার তিনটি কারখানা সপ্তাহখানেকেরও বেশি সময় ধরে বন্ধ থাকায় বিশ্বব্যাপী কনডমের ঘাটতি বাড়তে যাচ্ছে বলে জানিয়েছে জন্মনিরোধক এ পণ্যের শীর্ষ উৎপাদক প্রতিষ্ঠান।

মালয়েশিয়ার কারেক্স বিএইচডি বিশ্বের প্রতি ৫টি কনডমের একটি বানায় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

কোভিড-১৯ এর সংক্রমণ কমিয়ে আনতে দক্ষিণপূর্ব এশিয়ার এ দেশটি লকডাউন ঘোষণা করায় কারেক্সের তিনটি কারখানাই বন্ধ হয়ে যায়। যে কারণে বিশ্বজুড়ে ইতিমধ্যে ১০ কোটি কনডমের ঘাটতি তৈরি হয়েছে বলে দাবি করেছে তারা।

কারেক্সের এসব কনডম সাধারণত ডিউরেক্সের মতো নামি ব্র্যান্ডগুলোর হাত ধরে বাজারজাত হয়।

মালয়েশিয়ার এ কোম্পানি যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথকেয়ার সিস্টেম ও জাতিসংঘের জনসংখ্যা তহবিলসহ বিভিন্ন দাতব্য সংস্থাকেও জন্মনিরোধক এ পণ্যটি সরবরাহ করে বলে রয়টার্স জানিয়েছে।

শুক্রবার মালয়েশিয়ার সরকার লকডাউনের মধ্যেই বিশেষ ব্যবস্থায় কারেক্সকে ফের উৎপাদন শুরুর অনুমতি দিয়েছে; তবে এক্ষেত্রে কোম্পানিটি আগের জনবলের সর্বোচ ৫০ শতাংশকে কাজে লাগাতে পারবে।

“কারখানাগুলোকে ফের গতিশীল করতে সময় লাগবে; অর্ধেক সক্ষমতা দিয়ে চাহিদা পূরণে আমাদের হিমশিম খেতে হবে। আমরা শিগগিরই বিশ্বের সর্বত্র কনডমের ঘাটতি দেখতে যাচ্ছি, যা ভীতিকর। আমার উদ্বেগ হচ্ছে, এ কারণে আফ্রিকার অনেকগুলো মানবিক কর্মসূচি মুখ থুবড়ে পড়তে পারে। এই ঘাটতি কেবল দুই সপ্তাহ বা মাসখানেক থাকবে না; থাকতে পারে কয়েক মাসও,” বলেছেন কারেক্সের প্রধান নির্বাহী গোহ মিয়া।

বিশ্বজুড়ে অর্ধেকেরও বেশি মানুষকে গৃহবন্দি করা করোনাভাইরাসের সংক্রমণে মালয়েশিয়ার অবস্থাও বেহাল।