আন্তর্জাতিক ডেস্ক: পশুদের প্রভুভক্তির তালিকায় একেবারে প্রথমেই থাকে কুকুরের নাম। কিন্তু ভারতের গুজরাটের আহমেদাবাদে এমন এক উটের দেখা মিলেছে যে মনিবের মৃত্যুর পর থেকে অবসাদে ভুগছে। সেই শোকে ছেড়ে দিয়েছে খাওয়া দাওয়াও৷
গুজরাট পুলিশের সাব ইনস্পেক্টর ছিলেন শিবরাজ গাধভি। তার প্রাণের চেয়েও বেশি প্রিয় ছিল পোষা উটটি। প্রতিদিন কাজে বেরোনোর আগে তাকে নিজ হাতে খাবার দিয়ে যেতেন ওই পুলিশ কর্মকর্তা। পোষা উটটিও তার প্রভু ছাড়া অন্য কারও হাতেই খাওয়াদাওয়া পছন্দ করত না।
গত ২৪ জানুয়ারি সকালে উটকে খাবার দিয়ে বাড়ি থেকে বেরোবেন বলে ঠিক করেছিলেন ওই পুলিশ কর্মকর্তা। কিন্তু তাকে খেতে দেওয়ার পরই বুকে যন্ত্রণা শুরু হয় তার। যন্ত্রণায় ছটফট করতে করতে মাটিতে লুটিয়ে পড়েন। খবর পেয়ে স্থানীয়রা দৌড়ে আসেন৷। তড়িঘড়ি করে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। কিন্তু কর্তব্যরত চিকিৎসকরা ওই পুলিশ কর্মকর্তাকে মৃত ঘোষণা করেন।
ওই পুলিশ সাব ইনস্পেক্টরের মৃত্যুর পর থেকে তার পোষা উটটি আপাতত পুলিশি হেফাজতেই রয়েছে। প্রতিদিন নিয়ম করে খাবার, জল দেওয়া হচ্ছে তাকে। কিন্তু প্রভুকে খুঁজে না পেয়ে দিশাহারা অবলা প্রাণী। এক দানা খাবারও মুখে তুলছে না সে।
প্রাণীটির প্রভুভক্তি অবাক করেছে পুলিশ কর্মকর্তাদের৷ তারা উটটিকে আবারও স্বাভাবিক জীবনে ফেরানোর চেষ্টা করছেন।















