ব্রিটেনে কারোনায় আরো ২৬০ জনের মৃত্যু: মোট মৃতের সংখ্যা ১০১৯

2633

ওয়ানবাংলানিউজ: করোনা ভাইরাসের ছোবলে ক্রমশ ভয়াবহ পরিণতির দিকে যাচ্ছে ব্রিটেন। শনিবার মৃতের সংখ্যা হাজার ছাড়িয়েছে। সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী মৃত্যুর সংখ্যা হচ্ছে ১ হাজার ১৯ জন। ২৪ ঘন্টা আগে এই সংখ্যা ছিল ৭৫৯‌ অর্থাৎ একদিনের ব্যবধানে আরও ২৬০জন মানুষ করোনার কারণে মারা গেছেন। এখন পর্যন্ত এ রোগে ব্রিটেনের আক্রান্তের সংখ্যা হচ্ছে ১৭ হাজার ৮৯জন।

২০১৯ সালের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে বিশ্বের ১৯৬ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কভিড-১৯। এতে ইতালির পর সবচেয়ে বেশি মানুষ মারা গেছে স্পেনে।

ডিপার্টমেন্ট অফ হেলথ এক টুইটে জানিয়েছেন এই পরিসংখ্যান হচ্ছে গতকাল ২৭ মার্চ বিকাল ৫টা পর্যন্তের।

একই সাথে তারা জানায় আজ শনিবার সকাল ৯টা পর্যন্ত ১৭ হাজার ৮৯জন করোনা রোগী সনাক্ত করা হয়েছে।

এদিকে লন্ডনের এক্সেল ভবনের এনএইচএস নাইটিঙ্গেল হাসপাতালের অভ্যন্তর থেকে সংবাদ চিত্র প্রকাশের সাথে সাথে সরকার এই পরিসংখ্যান প্রকাশ করেছে।

এই সপ্তাহে কাজটি শেষ হলে, এখানে ৪,০০০ রোগী রাখতে সক্ষম হবে। আরও দুটি অস্থায়ী মেগা-হাসপাতাল নির্মাণ করা হচ্ছে । একটি বার্মিংহামে এবং একটি ম্যানচেস্টারে।
গতকাল ঘোষণা করা হয়েছিল যে বার্মিংহাম বিমানবন্দরে সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য ১২,০০০ মৃতদেহের দাফনের জায়গা প্রস্তুত করা হচ্ছে ।