সরকারের উদাসীনতা ও প্রস্তুতিহীনতার কারণে বড় বিপদ আসছে -রিজভী

338

ঢাকা সংবাদদাতা: সরকারের ক্ষমাহীন উদাসীনতা ও প্রাক-প্রস্তুতিহীনতার কারণে একটা বড় ধরনের বিপদ সামনে ধেয়ে আসছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) পক্ষ থেকে করোনাভাইরাসের প্রাদুর্ভাবকে বৈশ্বিক অতি মহামারী হিসেবে ঘোষণার পর বিভিন্ন দেশ তা প্রতিরোধে নানা পদক্ষেপ নিলেও সরকার যথাসময়ে করোনা বিপর্যয়কে গুরুত্ব দেয়নি। সিদ্ধান্তহীনতায় ভুগেছে। করোনাভাইরাস মোকাবেলা করার জন্য প্রায় দুই মাস সময় পেলেও সরকার এবিষয়ে ভ্রুক্ষেপহীন থেকেছে। ভাইরাসে সংক্রামকদের চিকিৎসায় বিশেষায়িত হাসপাতাল নির্ধারণ, সংক্রামক শনাক্তকরণসহ চিকিৎসক-নার্সদের প্রয়োজনীয় পোশাক (পিপিই) ও যন্ত্রপাতি কোন কিছুই সরকার ব্যবস্থা করতে পারেনি। ঢাকার বাইরে কোন হাসপাতালে করোনায় আক্রান্ত বা আইসোলেশনে থাকা ব্যক্তিদের থাকা-খাওয়া এবং আসবাবপত্র নেই। নেই চিকিৎসকদের প্রয়োজনীয় পোশাক ও ওষুধ। সেন্টারে নেই খাট, বেডসহ আনুষঙ্গিক জিনিসপত্র। শনিবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, ডাক্তাররা, বিশেষ করে আউটডোরে যারা চিকিৎসা দেন, সেই ইন্টার্নিরা ‘পিপিই’ পরিধান না করলে তারা নিজেরাই করোনা আক্রান্ত হবেন, আর একজন ডাক্তার আক্রান্ত হওয়া মানে শত শত নতুন রোগী সৃষ্টি করা। করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা করতে নিরাপত্তা পোষাকের দাবীতে বৃহস্পতিবার থেকে কর্মবিরতিতে রাজশাহী মেডিকেল কলেজের ইন্টার্নশীপ ডাক্তারগণ। রাজশাহীর মতো প্রতিটি হাসপাতালে যারা জ্বর নিয়ে ভর্তি হতে যাচ্ছেন তাদেরকে ফিরিয়ে দেয়া হচ্ছে। দেশের কোন হাসপাতালই জ্বরের রোগী ভর্তি করছে না, ফিরিয়ে দিচ্ছে। হাসপাতালে হাসপাতালে ঘুরে বিনা চিকিৎসায় মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। এমনকি পুরাতন শ্বাসকষ্টজনিত রোগীদেরও চিকিৎসা দেয়া হচ্ছে না।