আশুলিয়ায় ‘জঙ্গি আস্তানা’ ঘিরে রেখেছে র‌্যাব

566

ঢাকা সংবাদদাতা: সাভারের আশুলিয়ায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি একতলা বাড়ি ঘিরে রেখেছে র‌্যাব বাহিনীর সদস্যরা।

শনিবার মধ্যরাত থেকে সাভারের আশুলিয়ার নয়ারহাট চৌরাবালী এলাকার ওই বাড়িটি জঙ্গি আস্তানা সন্দেহে ঘেরাও করে র‌্যাব-৪ এর সদস্যরা। পরে র‌্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান। বাড়িটির মালিকের নাম ইব্রাহিম বলে জানিয়েছে স্থানীয়রা।

এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে বাড়ির ভেতর থেকে সন্দেহভাজন জঙ্গিরা র‌্যাব সদস্যদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোঁড়ে। পরে র‌্যাব সদস্যরা সতর্ক অবস্থান নেন এবং ওই বাড়ির আশপাশের বাড়ির বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার ব্যবস্থা করেন।

তবে ওই বাড়ির ভেতরে কতজন জঙ্গি অবস্থান করছে সে বিষয়ে জানা যায়নি। সেখানে একাধিক জঙ্গির অবস্থান রয়েছে বলে ধারণা র‌্যাবের। এছাড়া আজাদ নামে এক ব্যক্তি নিজেকে পোশাকশ্রমিক পরিচয় দিয়ে বাড়িতে ভাড়া নেয় বলে জানিয়েছে র‌্যাব।

এদিকে, ওই বাড়ির ভেতরে থাকা সন্দেহভাজন জঙ্গিদের আত্মসমর্পনের জন্য র‌্যাবের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে।