খেলাধুলা ডেস্ক: আসছে মাসে পাকিস্তানে যাচ্ছে বিশ্ব একাদশ। সেখানে পাকিস্তান জাতীয় দলের সঙ্গে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দলটি। ম্যাচগুলো হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।
দ্য হেরাল্ড, ক্রিকেট অস্ট্রেলিয়া ডটকমসহ একাধিক সংবাদমাধ্যম এ খবর নিশ্চিত করেছে।
বিশ্ব একাদশের কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন জিম্বাবুয়ের সাবেক গ্রেট ব্যাটসম্যান অ্যান্ডি ফ্লাওয়ার। এর পাশাপাশি ১৫ সদস্যের মধ্য থেকে প্রধান একাদশও নির্বাচন করবেন তিনি।
২০০৯ সালে লাহোরে টিম শ্রীলঙ্কার ওপর হামলা করে সন্ত্রাসীরা। এরপর পাকিস্তানে কোনো টেস্ট খেলুড়ে দল আন্তর্জাতিক ক্রিকেট খেলতে যায়নি। সেখানে তা ফেরাতে মরিয়া হয়ে চেষ্টা করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) থেকেও দেয়া হচ্ছে সব ধরনের সহযোগিতা। সবশেষ সভায় পাকিস্তানে ক্রিকেট ফেরাতে বিশ্ব একাদশ পাঠানোর সিদ্ধান্ত নেয় আইসিসি। তারই অংশ হিসেবে দু’দলের মধ্যে টি-টোয়েন্টি সিরিজটি হতে যাচ্ছে।
সেই সিরিজে বিশ্ব একাদশের হয়ে খেলবেন অষ্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্ক, টিম পেইন, দক্ষিণ আফ্রিকার হাশিম আমলা ও নিউজিল্যান্ডের লুক রঞ্চি।
পাকিস্তানে উড়াল দেয়ার আগে বিশ্ব একাদশের সব খেলোয়াড় দুবাইয়ে একত্রিত হবেন। সেখান থেকে বিশেষ নিরাপত্তায় তাদের লাহোরে উড়িয়ে আনা হবে। ঠিক একই নিরাপত্তা দেয়া হয় পিএসএলের ফাইনালে খেলা বিদেশি ক্রিকেটারদের।















