রাজধানীর বাড্ডায় মাছরাঙার সংবাদকর্মীদের ওপর হামলা

307

ঢাকা সংবাদদাতা: সংবাদ সংগ্রহ করতে রাজধানীর বাড্ডার বেরাইদে গিয়ে হামলার শিকার হয়েছেন মাছরাঙা টিভির দুই সংবাদকর্মী। তারা হলেন, বেসরকারি এই টেলিভিশন স্টেশনের স্টাফ রিপোর্টার হাসনায়েন তানভীর এবং ক্যামেরাপারসন সাইফুল ইসলাম।
সদ্য সমাপ্ত ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিজয়ী এক কাউন্সিলরের সমর্থকরা সোমবার এই হামলা চালায় বলে সংবাদকর্মীরা জানান

হাসনায়েন বলেন, ৪২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আইয়ুব আনছার মিন্টু তার প্রতিদ্বন্দ্বী কাউন্সিলর প্রার্থী জাহাঙ্গীর আলম ও তার সমর্থকদের বাড়িঘরে ভাংচুর চালিয়েছে বলে খবর পেয়ে গেলে তারাও হামলার শিকার হন।

সেখানে তিনটি বাড়ি ভাংচুরের প্রমাণ পাই এবং নিউজ কাভার করে ফেরার পথে বাড্ডার বেরাইদ এলাকায় কাউন্সিলর মিন্টুর সমর্থকরা আমাদের ওপর হামলা চালায়। তারা মাছরাঙা টিভির গাড়ি ভাংচুর করে এবং ক্যামেরা থেকে মেমোরি কার্ডও ছিনিয়ে নেয়।

পরে মিন্টু ঘটনাস্থলে এসে দোষীদের পুলিশে ধরিয়ে দেয়ার প্রতিশ্রুতি দেন বলে জানান হাসনায়েন।

বাড্ডা থানার ওসি পারভেজ হোসেন বলেন, মঙ্গলবার সকালের মধ্যে অপরাধীদেরকে ধরিয়ে দেবে এবং গাড়ি ভাংচুরের ক্ষতিপূরণ দেবে বলার পর মাছরাঙা কর্তৃপক্ষ আইনগত ব্যবস্থা নেয়নি।

হাসনায়েন বলেন, মঙ্গলবার সকালের মধ্যে নতুন কাউন্সিলর প্রতিশ্রুতি অনুযায়ী পদক্ষেপ না নিলে আইনগত ব্যবস্থা নেবেন তারা।

বেরাইদে জাহাঙ্গীর সমর্থকদের ওপর হামলার বিষয়ে জানতে চাইলে ওসি বলেন, এ বিষয়ে থানায় এক ভুক্তভোগী মামলা করেছে। পুলিশ তদন্ত চালাবে।