শুক্রবার ব্রেক্সিট, ইইউ পার্লামেন্টে আবেগঘন মুহূর্ত

988

আন্তর্জাতিক ডেস্ক: শুক্রবার স্থানীয় সময় রাত ১১টায় বহুল আলোচিত, বৃটিশ রাজনীতিতে ঝড় তোলা ব্রেক্সিট। বুধবার রাতে এ বিষয়ে ইউরোপিয়ান পার্লামেন্টে শেষ অধিবেশন বসে। সেখানে বৃটেনের ব্রেক্সিট চুক্তিকে ভূমিধস সমর্থন দিয়ে অনুমোদন দেয়া হয়েছে। কিন্তু এই অধিবেশনটির একদিকে ছিল উল্লাস। একদিকে ছিল বেদনা। চুক্তি অনুমোদন হওয়ার পর বৃটিশ অনেক সদস্যকে উল্লাস করতে দেখা গেছে। আবার অনেকে ইউরোপিয়ান ইউনিয়ন ছেড়ে যাওয়ার বেদনায় কেঁদেছেন। কান্নাভেজা আলিঙ্গনে একে অন্যকে জড়িয়ে ধরেছেন।

ব্রেক্সিট সম্পন্ন হলেও বৃটেনের প্রতি ইউরোপিয়ান ইউনিয়নের ভালবাসা অব্যাহত থাকবে বলে প্রত্যয় ঘোষণা করা হয়েছে। কেউ কেউ আশা প্রকাশ করেছেন, ইউরোপিয়ান ইউনিয়নে নতুন করে যুক্ত করার স্বপ্নকে অবশ্যই বাঁচিয়ে রাখতে হবে। এই পার্লামেন্টে এমন অবিমিশ্র অবস্থা আগে কখনো দেখা গিয়েছে কিনা তা জানা নেই।

এ খবর দিয়ে অনলাইন বিবিসি বলছে, ব্যাপক সংখ্যাগরিষ্ঠতায় বৃটেনের ইউরোপিয়ান ইউনিয়ন ত্যাগ সংক্রান্ত চুক্তি অনুমোদন করেছে ইউরোপিয়ান পার্লামেন্ট। এ পার্লামেন্টে ‘ব্রেক্সিট উইড্রয়াল এগ্রিমেন্ট’-এর পক্ষে ৬২১ জন সদস্য ভোট দিয়েছেন। বিপক্ষে ভোট দিয়েছেন ৪৯ জন পার্লামেন্টারিয়ান। এর আগে ব্রাসেলসে অবস্থিত এই পার্লামেন্টে চুক্তিটি নিয়ে আবেগঘন বিতর্ক অনুষ্ঠিত হয়। এর পর অনুষ্ঠিত হয় ভোট। এরপর ইউরোপিয়ান পার্লামেন্টের সদস্যরা আউলড ল্যাং সাইনি’তে স্বাক্ষর করার মধ্য দিয়ে বৃটেনের প্রস্তাব অনুমোদন করে। এই পার্লামেন্টের বেশ কিছু বৃটিশ সদস্য বলেছেন, তারা আশাবাদী ছিলেন একদিন বৃটেন ফিরে আসবে। এর মধ্যে রয়েছেন ব্রেক্সিট পার্টির নেতা নাইজেল ফারাজে। ইউরোপিয় ইউনিয়নে দেয়া তার শেষ বক্তব্যে নাইজেল ফারাজে কান্নায় ভেঙ্গে পড়েন।

আগামীকাল শুক্রবার গ্রিনিচ মিন টাইম রাত ১১টায় ইউরোপিয়ান ইউনিয়ন ত্যাগ করার কথা রয়েছে বৃটেনের। এর আগে অক্টোবরে উইড্র চুক্তি অনুমোদন ও তাতে সম্মত হয় বৃটেন ও ইউরোপিয় ইউনিয়ন। এতে স্বাক্ষর করেন পার্লামেন্টের প্রেসিডেন্ট ডেভিড সাসোলি। এরপর তিনি বলেন, ভবিষ্যত সম্পর্কের বিষয়ে প্রয়াত লেবার দলের এমপি জো কক্সের কথাগুলো স্মরণ করা উচিত উভয় পক্ষের। তা হলো, আমাদেরকে বিভক্ত করার চেয়ে অনেক কিছু আমাদেরকে ঐক্যবদ্ধ করে দেয়। আবেগ জড়ানো কণ্ঠে তিনি বৃটেনকে উদ্দেশ্য করে বলেন, আপনারা ইউরোপিয় ইউনিয়ন ছেড়ে যাচ্ছেন। কিন্তু সব সময়ই আপনারা ইউরোপের অংশ হয়ে থাকবেন। আপনাদেরকে বিদায় কথাটা বলা খুব কষ্টের। তাই আমার অন্য সহকর্মীদের মতো আমি বিদায় না বলে বলতে চাই আবার দেখা না হওয়া পর্যন্ত বিদায়। এটা বুঝাতে তিনি ইংরেজিতে একটি শব্দ ব্যবহার করেন। তা হলো- অ্যারাইভেডেরসি।