রাস্তা থেকে তুলে নিয়ে স্কুলছাত্রীকে গণধর্ষণ

504

ঢাকা সংবাদদাতা: ব্রাহ্মবাড়িয়ার কসবা উপজেলায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

গত রোববার (৭ এপ্রিল) উপজেলার খাড়েরা ইউনিয়নের ধর্মপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ধর্ষণের মামলায় গ্রেপ্তার আটক ফারুক মিয়া (২৮) বুধবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ফারুক ওই গ্রামের আব্দুর রশীদের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার স্কুল ছুটি হওয়ার পর ওই স্কুলছাত্রী তার বাড়িতে ফিরছিল। পথিমধ্যে ফারুক মিয়া ও একই গ্রামের তার দুই সহযোগী শাহরিয়া ও মিঠুর সহযোগিতায় ওই ছাত্রীকে অটোরিকশায় তুলে নিয়ে যায়। পরে ওই ছাত্রীকে নিজ বাড়িতে নিয়ে গিয়ে রাতভর ধর্ষণ করে তারা। পরদিন সোমবার (৮ এপ্রিল) ফারুক ও তার সহযোগীরা ওই ছাত্রীকে চলন্ত অটোরিকশা থেকে তার বাড়ির পাশে ফেলে রেখে যায়। পরে ওই ছাত্রীর আর্তচিৎকার শুনে তাকে উদ্ধার করে বাড়ির লোকজন।

এ ঘটনায় মঙ্গলবার ওই ছাত্রীর মা বাদী হয়ে তিনজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে কসবা থানায় মামলা করেন। পরে ওই মামলায় ফারুককে গ্রেপ্তার করে পুলিশ।

এই ব্যাপারে জানতে চাইলে কসবা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক বলেন, গ্রেপ্তার ফারুক আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মামলার বাকি দুই আসামিকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।