লিভারপুল-বায়ার্ন ম্যাচ গোলশূন্য ড্র

345

খেলাধুলা ডেস্ক: চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোয় জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ বনাম ইংলিশ ক্লাব লিভারপুলের মধ্যকার খেলাটি গোলশূন্য ড্র হয়েছে।

আক্রমণ প্রতি আক্রমণে অবশ্য জমাট ম্যাচ ছিল। চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোয় দুদলের ম্যাচটি তাই জম্পেশ লড়াইয়ের ছিল।

কিন্তু গোলশূন্য সমতায় নির্লিপ্ত শেষ হয়েছে ম্যাচটি। তাতে অবশ্য গেলবারের চ্যাম্পিয়নস লিগের ফাইনাল খেলা লিভারপুল একটু ধাক্কাই খেল।

একের পর এক আক্রমণ করেও জয়বঞ্চিত তারা। দ্বিতীয় লেগে বায়ার্নের মাঠে খেলতে হবে। সেখানে হারলে আসর থেকে নিতে হবে বিদায়।

ম্যাচে বায়ার্ন মিউনিখ গোলের লক্ষ্যে একটি শটও নিতে পারেনি। তার বড় কৃতিত্ব ব্রাজিলিয়ান ডিফেন্ডার ফ্যাবিনহোর। দলের সেরা ডিফেন্ডার ভ্যান ডাইকের অভাব তিনি দারুণ পুষিয়ে দিয়েছেন।

বায়ার্ন স্ট্রাইকার লেভানডভস্কিকে একাই আটকে রাখেন তিনি। অলরেডসরা এ ম্যাচে দুটি শট নেয় গোলের লক্ষ্যে। তবে গোলের বাইরে জার্মান ক্লাবটি সাতটি শট নেয়। লিভারপুল নেয় দশটি শট।

চলতি মৌসুমে দারুণ ছন্দে আছে লিভারপুল। লিগ টেবিলে শীর্ষে আছে। দলের কাছে তাই সমর্থকদের প্রত্যাশা ছিল অনেক।

সেভাবেই শুরু করেন সালাহ-সাদিওমানেরা। কিন্তু সবাই গোলের সুযোগ নষ্ট করেন।

এবার তাই বায়ার্নের মাঠে ১৩ মার্চের দ্বিতীয় লেগের ম্যাচে পরীক্ষা দিতে প্রস্তুত হতে হবে অলরেডসদের।