আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ায় বুধবার সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক বাংলাদেশিসহ ছয়জন প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো বেশ কয়েকজন। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।
বুধবার স্থানীয় সময় সকাল ৬টার দিকে পেরাক অঞ্চলের ইপুতে টাইম স্কয়ার নামের বিনোদন কেন্দ্রের চতুর্থ তলায় আগুন ধরে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে দমকল বাহিনীর কর্মীরা।
তারা ঘটনাস্থল থেকে দুজনের মৃতদেহ উদ্ধার করলেও পরে মৃতের সংখ্যা বাড়তে থাকে। ওই অগ্নিকাণ্ডে সব মিলিয়ে ছয়জন মারা গেছে বলে নিশ্চিত হওয়া গেছে।
স্থানীয় দমকল ও উদ্ধার বিভাগের মুখপাত্রের বরাত দিয়ে মালয়েশিয়া ‘নিউ স্ট্রেটস টাইমস’পত্রিকা জানায়, এই দুর্ঘটনা নিহতদের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন মালয়েশিয়ার দুই নাগরিক চে কিন (৩৬) ও লাউ ওয়াই হুং (৩৭) এবং ভিয়েতনামের নেগুয়েন থাই ডুং ও নিগুয়েন থাই থ্রাং। এ ঘটনায় এক বাংলাদেশি প্রবাসীও প্রাণ হারিয়েছেন। তাৎক্ষণিকভাবে তার বিস্তারিত পরিচয়ও জানা যায়নি।
এছাড়া নিহত আরো একজন কোন দেশের নাগরিক সেটিও জানা যায়নি।
তবে এ ঘটনায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করছে স্থানীয় দমকল বাহিনী। কেননা ঘটনাস্থলে এখনও বহু মানুষ আটকা পড়ে আছে বলে তাদের ধারণা এবং তারা তাদের উদ্ধারের চেষ্টা করে যাচ্ছে।
এ ঘটনায় আহতদের স্থানীয় রাজা পারমাসুরি বাইনুন হাসপাতালে পাঠানো হয়েছে।
তাৎক্ষণিকভাবে এ দুর্ঘটনার কারণ জানা যায়নি।















