রাজধানীর উত্তরায় ৩ ভবনে আগুন

506

ঢাকা সংবাদদাতা: রাজধানীর উত্তরার ৪ নম্বর সেক্টরে একটি রেস্তোরাঁ থেকে লাগা আগুন পাশের আরো দুটি ভবনে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স আগুন নিয়ন্ত্রণে আনে।

আজ সোমবার ভোর ৫টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ভবনটি রাজলক্ষ্মী শপিং কমপ্লেক্সের বিপরীত দিকে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের ওসি কন্ট্রোল এনায়েত হোসেন জানান, আগুন নিয়ন্ত্রণে তাঁদের ১৪টি ইউনিট কাজ করেছে। তবে আগুন লাগার সঠিক কারণ জানতে পারেননি তিনি।

স্থানীয়রা জানান, উত্তরার ৪ নম্বর সেক্টরের সিশেল রেস্তোরাঁর ছয়তলা ভবন ও পাশাপাশি আরো দুটি ভবনে আগুন লাগে। ভোরের দিকে তাঁরা ধোঁয়া দেখেন। পরে তা আরো বাড়তে থাকে।

এদিকে ফায়ার সার্ভিস জানিয়েছে, তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে এখনো কাজ চলছে।