আন্তর্জাতিক ডেস্ক: জম্মু-কাশ্মীরে রাষ্ট্রপতির শাসন জারি করার পরও পরিস্থিতি শান্ত হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। আজ সকালেও ভারতীয় নিরাপত্তারক্ষীর গুলিতে ছয়জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। যথারীতি নিহতদের সন্ত্রাসী বলে দাবি করেছে দেশটির সেনাবাহিনী।
এর আগে গত শনিবার ভোরে কাশ্মীরের পুলওয়ামা অঞ্চলের দক্ষিণের একটি গ্রামে অভিযান চালিয়ে সাত বেসামরিক নাগরিককে হত্যা করেছিল নিরাপত্তাবাহিনীর সদস্যরা। এ ঘটনায় আহত হয়েছিল আরো ২২ জন।
এক সপ্তাহ পর আজ শনিবার সকালে কাশ্মীরের ওই একই জেলায় জঙ্গিদের সঙ্গে ভারতীয় বাহিনীর সংঘর্ষ হয় বলে সেনা সূত্রের বরাত দিয়ে দাবি করেছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো। এই সংঘর্ষে কাশ্মীরের মোস্ট ওয়ান্টেড জঙ্গি জাকির মুসার ছয় সহযোগী নিহত হয়েছে।
শনিবার সকালে দক্ষিণ কাশ্মীরের অয়ন্তিপোরা এলাকার আরামপোরা গ্রামে দু’পক্ষের মধ্যে বন্দুক যুদ্ধ শুরু হয়। জঙ্গিরা সেনাকে লক্ষ্য করে গুলি চালালে পাল্টা গুলি চালায় সেনারা। এ সময় ওই ছয় ব্যক্তি নিহত হয়।
নিহত ছয়জনকে সাবেক হিজবুল নেতা জাকির মুসার সংগঠন আনসার গাজওয়াত–উল হিন্দের সদস্য ছিল বলে দাবি করা হয়েছে। শনিবারের এনকাউন্টারে নিহতদের মধ্যে একজনের পরিচয় জানা গিয়েছে। তার নাম সোলিহা মহম্মদ।
ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণে অস্ত্র ও কার্তুজ উদ্ধার করেছে সেনারা।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস















