প্রতিটি উপজেলায় কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হবে: হাসিনা

424

ঢাকা সংবাদদাতা: প্রতিটি উপজেলায় একটি করে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি রাজধানী ঢাকার ওপর চাপ কমাতে গ্রামেও শহরের সুযোগ সুবিধা পৌঁছে দিতে তার সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।

শনিবার ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইডিইবি) ২২তম জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা তিনি।

প্রধানমন্ত্রী বলেন, আমাদের লক্ষ্য মানুষের জীবনমানের উন্নয়ন, তাদের জীবনে আরাম-আয়েশের ব্যবস্থা করা। এই উদ্দেশ্যে আমরা মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করছি এবং তাদের আরাম-আয়েশের জন্য বিভিন্ন উদ্যোগ নিয়েছি।

গ্রামে উন্নয়নের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, মানুষ যেন গ্রামে বসেই সব ধরনের চাহিদা পূরণ করতে পারে সে লক্ষ্যেই গ্রামকে শহর হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার।

এর আগে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে জাতীয় পতাকা উত্তোলন শেষে বেলুন এবং পায়রা উড়িয়ে তিন দিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধন ঘোষণা করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে স্বাগত জানায় আইডিইবির তৈরি ‘মি. টিভেট’ নামের একটি রোবট। এ সময় রোবটটির সঙ্গে কথা বলেন তিনি।

এবারের সম্মেলনের প্রতিপাদ্য বিষয় ‘টেকনিক্যাল ভোকেশনাল এডুকেশন ট্রেইনিং’। শনিবার শুরু হওয়া এ সম্মেলন চলবে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত।

এতে বিশ্বের সাতটি দেশের অতিথিসহ ছয় হাজারেরও বেশি আমন্ত্রিত অতিথি অংশ নেন।