ইংল্যান্ডে ধর্মীয় ক্লাসে বুলিং ও শিশু নির্যাতনের দায়ে এক ইমামের জেল

1691

ওয়ানবাংলানিউজ: ধর্মীয় ক্লাসে ১০ বছর বয়সী শিশুর সাথে দুর্ব্যবহার, বুলিং ও নির্যাতনের দায়ে গ্রেটার মানচেস্টারের রচডেলে আব্দুর রউফ নামে এক ইমামের ১৭মাসের জেল হয়েছে।

জানা যায় রচডেলে আব্দুল রউফ (৫১) নামের এক ইমাম ইসলামিক স্টাডি ক্লাসের ছাত্রদের সাথে দীর্ঘদিন যাবত ভীতি প্রদর্শন, দুর্ব্যবহার ও মারপিট করে আসছিলেন । সম্প্রতি শিশু নির্যাতনের ২১ টি অভিযোগের কথা স্বীকার করায় আদালত তাকে এই সাজা প্রদান করে। অভিযোগের প্রমাণ হিসেবে মসজিদের ক্লাস রুমের সিসিটিভি ক্যামেরার রেকর্ড গ্রহণ করা হয়।
পুলিশ বলেছে গত বছর অক্টোবর মাসে ঈমাম রউফ কর্তৃক দুটি শিশু নির্যাতনের কথা তারা জানতে পারে। গ্রেটার মানচেস্টার পুলিশের ইন্সপেক্টর ফিল কি বলেন, আব্দুল রউফ একজন কদর্য ও কুৎসিত ব্যক্তি, যার কাছে ক্লাসে শিশু নির্যাতন একটি সাধারণ ব্যাপার হয়ে উঠেছিল। পুলিশ আরো বলেছে এ ঘটনার পর তারা রচডেল কাউন্সিল, স্থানীয় মস্ক কাউন্সিল সহ অন্যান্য পার্টনারদের সাথে শিশুদের নিরাপত্তা নিশ্চিতে কাজ করে যাচ্ছে।
রচডেল কাউন্সিলের চিলড্রেন সার্ভিসের ডাইরেক্টর গেইল হোপার রউফের সমালোচনা করে বলেন সে দোষী সাব্যস্ত হয়েছিল। তার শাস্তি হয়েছে। তিনি মাতাপিতা ও অভিভাবকদের এ ব্যাপারে সতর্ক থাকার পরামর্শ দেন এবং শিশুদের কথা শুনতে ও তাদেরক সাপোর্ট করার আহ্বান জানান।