লন্ডনে বহুতল ভবনে আগুন, ভেতরে বহু মানুষ আটকা

3199

ওয়ানবাংলা নিউজ: পশ্চিম লন্ডনে লাটিমার রোডের একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা বলছে, ভবনে বহু মানুষ আটকা পড়ে আছে।

ল্যানচেস্টারে ‘গ্রেনফেল টাওয়ার’ নামের ওই আবাসিক ভবনটিতে লন্ডন সময় মঙ্গলবার রাত সোয়া একটার দিকে আগুন লাগে।

প্রায় দুইশোর মতো দমকলকর্মী আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।

স্থানীয় বাসিন্দাদের সরিয়ে নেয়ার চেষ্টা করা হচ্ছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। প্রাথমিকভাবে হতাহতের কোনো খবর জানা যায়নি।

বিবিসির অ্যান্ডি মুর জানাচ্ছেন, পুরো ভবনটি আগুনে জ্বলছে এবং ভবনটি ধসে পড়ারও আশঙ্কা করা হচ্ছে।

ওই ভবনের আগুন নিয়ন্ত্রণে আনতে লন্ডন ফায়ার ব্রিগেড ৪০টি ফায়ার ইঞ্জিন পাঠিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা বলছে-তারা ছাদের ওপর থেকে আলো নাড়ানো দেখেছে। তাদের ধারণা ভবনের লোকজন ছাদের ওপর থেকে টর্চের আলো দিয়ে সাহায্য চাইছে। আর্তনাদও তারা শুনতে পেয়েছেন। তাদের ভাষ্য অনুযায়ী ছাদে আগুন পৌঁছাতে আর বেশি দেরী নেই।

অন্যদিকে সংবাদদাতা অ্যান্ডি মুর বলছেন “ভবন থেকে ধ্বংসাবশেষ পড়তে দেখছি। আমরা বড় বিস্ফোরণের শব্দও শুনেছি। কাঁচ ভাঙার শব্দও পেয়েছি।”

বিবিসির সাইমন লেডারমেন জানান, “ভবনটি যেভাবে জ্বলছে কয়েক মাইল দূর থেকে তা স্পষ্ট দেখা যাচ্ছে”।

ভবনের আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে বলে জানাচ্ছেন তিনি।

লন্ডন ফায়ার ব্রিগেডের অ্যাসিস্টেন্ট কমিশনার ডেন ডেলি বলছেন “পরিস্থিতি ভয়াবহ। এমন

জটিল পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করছেন দমকলকর্মীরা”।

“অনেক বড় অগ্নিকাণ্ডের ঘটনা এটি এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি”-বলেন তিনি।

আগুনের ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়া কয়েকজনকে চিকিৎসাও দেয়া হচ্ছে বলে জানা গেছে।

লন্ডন অ্যাম্বুলেন্স সার্ভিসের জরুরি বিভাগের কর্মকর্তাদেরও ভবনটিতে পাঠানো হয়েছে।

এদিকে লন্ডনের মেয়র সাদিক খান এটাকে “অত্যন্ত গুরুতর ঘটনা” বলে বর্ণনা করেছেন।

আগুনের কারণে লন্ডন পাতাল রেলের হ্যামারস্মিথ এবং সিটি ও সার্কেল লাইন বন্ধ করে দেয়া হয়েছে।