রানির সঙ্গে প্রথমবার সফরে গেলেন রাজবধূ মেগান

949
ওয়ানবাংলানিউজ ডেস্ক: বিয়ের পর প্রথমবার ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে একসাথে কোনো সফরে গেলেন প্রিন্স হ্যারির নববধূ ডাচেস অব সাসেক্স মেগান। গতকাল বৃহস্পতিবার তারা একসাথে চেশায়ারে মারসি গেটওয়ে ব্রিজের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে যান। তবে স্ত্রীর সঙ্গে প্রিন্স হ্যারি ছিলেন না। রানির সঙ্গে প্রথমবার কোনো অনুষ্ঠানে যোগদানের অনুভূতি মনে রাখার মতো বলে উল্লেখ করেছেন মেগান।
রানির সঙ্গে মেগান আসছেন শুনে তাকে দেখার জন্য হাজার হাজার মানুষ কয়েক ঘণ্টা আগেই অনুষ্ঠানস্থলে এসে অবস্থান নেয়। অন্যদিকে, রাস্তার দুই পাশে জাতীয় পতাকা এবং রাজ পরিবার সম্পর্কিত বিভিন্ন জিনিস বিক্রয়ের জন্য স্টল বসে। রাজপরিবারের নতুন বধূকে একনজর দেখার জন্য আশেপাশের বিভিন্ন স্কুল থেকে শয়ে শয়ে শিশু কিশোররাও রাস্তার দু’পাশে দাঁড়িয়ে যায়।
মেগানকে সঙ্গে নিয়ে রানি জনসম্মুখে আসার সঙ্গে সঙ্গে সবাই হর্ষধনি দিয়ে তাদের স্বাগত জানায়। ৩৬ বছর বয়সী মেগান তার প্রতিক্রিয়ায় বলেছেন, রাজপরিবারের সদস্য হওয়া এতটা সম্মানের ব্যাপার এটা তার কল্পনাতেও ছিল না। রানির সঙ্গে প্রথম সফরটা তিনি ভীষণ উপভোগ করেছেন বলে জানান।-বিবিসি।