আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রকে ‘ঐতিহাসিকভাবে দুঃখিত’ হতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। তেহরানের সঙ্গে পশ্চিমা শক্তিগুলোর ২০১৫ সালের পরমাণু চুক্তির বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের দিকে ইঙ্গিত করে এমনটাই সতর্ক করে দিয়েছেন ইরানি প্রেসিডেন্ট। খবর আল-জাজিরার।
রোববার রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক ভাষণে রুহানি বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যেকোনো সিদ্ধান্ত মোকাবেলায় ইরানের পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, যদি এমনটা ঘটে সেক্ষেত্রে সংশ্লিষ্ট সংস্থা এবং ইরানের পরমাণু শক্তি সংস্থাকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া আছে।
রুহানি আরও বলেন, যদি আমেরিকা পরমাণু চুক্তি থেকে বেরিয়ে যায়, তাহলে তাদের ঐতিহাসিকভাবে দুঃখিত হতে হবে।
মার্কিন প্রেসিডেন্ট ইরানের সঙ্গে ছয় জাতির ওই চুক্তি থেকে বেরিয়ে যেতে বারবার হুমকি দিয়েছেন। চলতি বছরের জানুয়ারি মাসে মার্কিন প্রেসিডেন্ট ঘোষণা দেন যে তিনি ‘শেষবারের’ মতো ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধের ছাড় দিচ্ছেন।
তখন ট্রাম্প বলেন, যদি আগামী চার মাসের মধ্যে তার দাবি মানা না হয়, তাহলে যুক্তরাষ্ট্র এই চুক্তি থেকে বেরিয়ে যাবে।
আগামী ১২ মে ডোনাল্ড ট্রাম্পের বেঁধে দেয়া সেই সময় শেষ হচ্ছে। তবে ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন যে তিনি আলোচনায় কোনো অগ্রগতি না দেখলে নির্ধারিত সময়ের আগেই চুক্তি থেকে বেরিয়ে যেতে পারেন।
উল্লেখ্য, ২০১৫ সালে ইরান ও ছয় জাতির মধ্যে দেশটির পরমাণু কর্মসূচি নিয়ে সমঝোতা হয়। ইরানের সঙ্গে চুক্তিকারী দেশগুলো হচ্ছে যুক্তরাষ্ট্র, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি ও চীন।















