অস্ত্র নিয়ন্ত্রণ নিয়ে ট্রাম্পের বিতর্কিত মন্তব্য, ক্ষুব্ধ যুক্তরাজ্য ও ফ্রান্স

724

আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্স ও যুক্তরাজ্যে বিদ্যমান কঠোর অস্ত্র আইনকে সেখানকার কিছু সন্ত্রাসী হামলার কারণ হিসেবে উল্লেখ করে তোপের মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (৪ মে) ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশনে (এনআরএ) দেওয়া বক্তব্যে ট্রাম্প বলেছেন, বিদ্যমান অস্ত্র আইন শিথিল থাকলে ২০১৫ সালে ভয়াবহ প্যারিস হামলা ঠেকানো যেত। যুক্তরাজ্যে হ্যান্ডগান নিষিদ্ধ হওয়ার কারণে লন্ডনে ধারাবাহিক ছুরি হামলা সংঘটিত হয়েছে বলেও দাবি করেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের এসব বক্তব্যে ক্ষুব্ধ ফ্রান্স ও যুক্তরাজ্য। ক্ষোভ জানিয়ে এরইমধ্যে ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিবৃতিও দেওয়া হয়েছে। বলা হয়েছে, দেশটি তাদের অস্ত্র নিয়ন্ত্রণ আইন নিয়ে গর্বিত।

শুক্রবার ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশনের (এনআরএ) সঙ্গে এক বৈঠকে ট্রাম্প অস্ত্র বহনের অধিকার সংক্রান্ত আইনের পক্ষে কথা বলেন। ট্রাম্প বলেন, ‘ফরাসিদের হাতে অস্ত্র থাকলে ২০১৫ সালের প্যারিস হামলার সময় পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন হতে পারতো।’

ট্রাম্পের ওই বক্তব্যের প্রতিক্রিয়ায় ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয় শনিবার একটি বিবৃতি দিয়েছে। বিবৃতিতে বলা হয়, ‘প্যারিসে ২০১৫ সালের ১৩ নভেম্বর হামলার ঘটনা নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের মন্তব্যকে ফ্রান্স দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছে এবং ওই হামলার শিকারদের স্মৃতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করার আহ্বান জানাচ্ছে। প্রত্যেকটি দেশই আগ্নেয়াস্ত্র বহনের ব্যাপারে নিজস্ব আইন নিয়ে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারে। অস্ত্র সংগ্রহ ও বহনকে কঠোরভাবে নিয়ন্ত্রিত করে জারি থাকা আইনটি নিয়ে ফ্রান্স গর্ব করে।’

প্যারিস হামলার সময় ফ্রান্সের প্রেসিডেন্ট ছিলেন ফ্রাঁসোয়া ওলাঁদ। তিনি বলেন, ‘ট্রাম্পের মন্তব্য লজ্জাজনক। এ থেকে বুঝা যায় তিনি ফ্রান্স ও দেশটির মূল্যবোধ সম্পর্কে কীভাবে চিন্তা করেন।’

ট্রাম্প তার শুক্রবারের বক্তব্যে যুক্তরাজ্য নিয়েও বিতর্কিত মন্তব্য করেন। নাম উল্লেখ না করে লন্ডনের একটি হাসপাতাল সম্পর্কে ট্রাম্প বলেন, লন্ডনের একসময়কার একটি স্বনামধন্য হাসপাতালে ছুরি হামলার শিকার ব্যক্তিদের রক্তে রঞ্জিত হয়েছে। তিনি বলেন, ‘তাদের বন্দুক নেই। তাদের ছুরি আছে এবং তাতেই হাসপাতালের সব মেঝে রক্তে রঞ্জিত।

তাদের ভাষ্য অনুযায়ী, সামরিক যুদ্ধক্ষেত্রের হাসপাতালের মতোই ওই হাসপাতালটির বাজে অবস্থা।’ ছুরিকাঘাতের ভঙ্গিমা করে ট্রাম্প বলেন, ‘ছুরি, ছুরি, ছুরি আর ছুরি।’

ট্রাম্প বরাবরই অস্ত্র অধিকার আইনের পক্ষে। প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণার সময় হিলারি ক্লিনটন অস্ত্র অধিকার আইন সংশোধনের কথা বললে ট্রাম্প বলেন, ‘যদি কেউ তাকে (হিলারি ক্লিনটন) গুলি করে হত্যা করে তার জন্য কেউ দায়ী হবে না।’

লন্ডনের ট্রমা সার্জনরা ট্রাম্পের বক্তব্য নিয়ে ক্ষোভ জানিয়েছেন। ট্রমা সার্জন মার্টিন গ্রিফিথ শনিবার ইঙ্গিত করেছেন, ট্রাম্প তার মন্তব্য থেকে ভুল সিদ্ধান্তে উপনীত হয়েছেন। আরেক ট্রমা সার্জন কারিম ব্রোহি হাসপাতালের ওয়েবসাইটে দেওয়া বিবৃতিতে লিখেছেন, ‘এ সহিংসতা ঠেকাতে আমাদের সবার অনেক কিছু করার আছে। তবে সমাধানের অংশ হিসেবে অস্ত্র রাখার পরামর্শ দেওয়াটা হাস্যকর। ছুরি আঘাতের ক্ষতের তুলনায় গুলির আঘাত অন্তত দ্বিগুণ মারাত্মক। এর চিকিৎসা আরও জটিল।’

উল্লেখ্য, ১৯৯৬ সালে স্কটল্যান্ডের ডানব্লেনের একটি স্কুলে বন্দুকধারীর হামলার পর ইংল্যান্ড, স্কটল্যান্ড ও ওয়েলসে হ্যান্ডগান নিষিদ্ধ করে ব্রিটিশ সরকার।