ঢাকা সংবাদদাতা: জমিজমা নিয়ে বিরোধের জের ধরে বরিশালের গৌরনদীর ভূরঘাটা গ্রামে মেঝ ভাই ও ভাবীসহ অন্যান্যদের হামলায় ছোট ভাই প্রবাসী বাদল আকন (৪০) নিহত হয়েছে।
নিহত বাদল ভূরঘাটা গ্রামের গোলাম আলী আকনের ছোট পুত্র। ঘটনার পর থেকে ভাই নজরুল আকন ও তার স্ত্রী রেহেনা বেগম পালিয়েছে।
নিহত বাদলের স্ত্রী ও পশ্চিম খাঞ্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইতি বেগম বলেন, আমার স্বামী সৌদি আরব থেকে গত ৯ দিন পূর্বে বাড়িতে আসেন। বৃহস্পতিবার বাদলের সাথে ভাসুর নজরুল আকনের বাড়ির জমির ভাগবাটোয়া নিয়ে ঝগড়া হয়। এক পর্যায়ে নজরুল ও তার স্ত্রী রেহানা বেগমসহ ৪ থেকে ৫ জন বাদল আকনের উপর হামলা চালায়। তারা কিল ঘুষি লাথি মারে এবং লাঠি দিয়ে এলোপাথাড়ি পিটাতে থাকে। এতে করে তিনি গুরুতর আহত হন।
প্রত্যক্ষদর্শী ওসমান সরদার বলেন, মারামারির কথা শুনে তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌঁছে উভয় পক্ষকে শান্ত করার চেষ্টা করি। এর মধ্যেই বাদল মাটিতে লুটে পরে। পরে আমরা স্থানীয়রা বাদলকে আহত অবস্থায় উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশেল উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ ব্যাপারে গৌরনদী মডেল থানার এসআই মাজাহারুল ইসলাম বলেন, পারিবারিক ঘটনা নিয়ে ভাইকে ভাই হত্যা করেছে। আমরা নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছি। এ বিষয় নিহতের স্ত্রী ইতি বেগম বাদি হয়ে নজরুল আকন ও তার স্ত্রী রেহানা বেগমসহ ৫ জনকে আসামি করে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে। ঘাতকদের আটকে পুলিশের অভিযান চলছে।














