যুক্তরাজ্যে হাসপাতাল থেকে ছাড়া পেলেন সাবেক রুশ গুপ্তচরের মেয়ে

622

ওয়ানবাংলানিউজ: যুক্তরাজ্যে নার্ভ এজেন্ট হামলায় আক্রান্ত রুশ গুপ্তচরের মেয়ে ইউলিয়া স্ক্রিপাল হাসপাতাল ত্যাগ করেছেন। পুরোপুরি সুস্থ না হলেও তার স্বাস্থ্যের উন্নতি ঘটেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, সোমবার সালিসবারি ডিস্ট্রিক্ট হাসপাতাল থেকে ছাড়া হয়েছে ৩৩ বছর বয়সী ইউলিয়াকে। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, এখনও পুরোপুরি সুস্থ নন তিনি। তবে স্বাস্থ্যের উন্নতি ঘটেছে।

তার বাবা অপেক্ষাকৃত ধীরে সুস্থ হচ্ছেন বলেও জানান চিকিৎসকরা।

গত ৪ মার্চ যুক্তরাজ্যের সালসবেরি শহরের একটি বিপণিকেন্দ্রের বেঞ্চে পক্ষত্যাগী রুশ গুপ্তচর সের্গেই স্ক্রিপাল এবং তার ৩৩ বছরের কন্যা ইউলিয়াকে অচেতন অবস্থায় পাওয়া যায়। পরে এ ঘটনায় ব্যবহৃত নার্ভ এজেন্টের সন্ধান পায় ব্রিটিশ কর্তৃপক্ষ। যুক্তরাজ্য এই ঘটনায় রাশিয়াকে দায়ী করলেও রুশ কর্তৃপক্ষ তা অস্বীকার করে। এ ঘটনায় গত ১৪ মার্চ পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সে দেওয়া দেওয়া বক্তব্যে ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে দেশটিতে নিয়োজিত ২৩ রুশ কূটনীতিককে এক সপ্তাহের মধ্যে তাদের দেশত্যাগের নির্দেশ দেওয়ার কথা জানান।

যুক্তরাজ্য থেকে ২৩ রুশ কূটনীতিককে বহিষ্কারের ঘটনায় পাল্টা ব্যবস্থা হিসেবে রাশিয়ায়ও দেশটিতে নিযুক্ত ২৩ ব্রিটিশ কূটনীতিককে বহিষ্কারের ঘোষণা দেয়। এ ইস্যুতে যুক্তরাজ্যের পাশে দাঁড়ায় যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন। বিভিন্ন দেশ থেকে ধারাবাহিকভাবে রুশ কূটনীতিকদের বহিষ্কারের ঘটনা ঘটে। পাল্টা প্রতিক্রিয়ায় রাশিয়াও যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের শতাধিক কূটনীতিককে বহিষ্কার করে।

গত সপ্তাহেই ইউলিয়া স্ক্রিপালের জ্ঞান ফিরে। বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি নিজের চিকিৎসায় যেসব চিকিৎসক যুক্ত ছিলেন তাদের ধন্যবাদ জানিয়েছেন। কৃতজ্ঞতা জানিয়েছেন শুভাকাঙ্খীদের কাছে। যুক্তরাজ্যের রুশ দূতাবাসের এক টুইটে সের্গেই স্ক্রিপালের সুস্থ হয়ে উঠার খবরকে ‘সুসংবাদ’ হিসেবে অ্যাখ্যায়িত করেছে।