আন্তর্জাতিক ডেস্ক: তিন বছরের ছেলে সন্তান কেঁদে ওঠায় ভারতীয় দম্পত্তিকে বিমান থেকে নামতে বাধ্য করা হয়েছে।
ব্রিটিশ এয়ারওয়েজের বিরুদ্ধে বৃহস্পতিবার এই অভিযোগ করেন ভারতের সড়ক, পরিবহন এবং হাইওয়ে মন্ত্রণালয়ের যুগ্মসচিব পর্যায়ের অফিসার এ পি পাঠক।
তার অভিযোগ, গত ২৩ জুলাই লন্ডন থেকে বার্লিনগামী ব্রিটিশ এয়ারওয়েজের উড়ান বিএ ৮৪৯৫–এ উঠেছিলেন সস্ত্রীক পাঠক। বিমান যখন রানওয়ে দিয়ে দৌড়তে শুরু করেছিল, তখন আচমকা কেঁদে ওঠে তাঁদের তিন বছরের ছেলে। সেসময় বিমানের এক পুরুষকর্মী এসে শিশুকে ধমকাতে থাকে। তাতে আরও ভয় পেয়ে চিৎকার করতে থাকে শিশুটি।
পাঠকের আরও অভিযোগ, তার ছেলের জানলার পাশে আসন থাকলেও ছেলেকে শান্ত করতে তাকে নিজের আসনে কোলে তুলে নিয়েছিলেন তার স্ত্রী। এরপরই অন্য কর্মীরা এসে তাকে এবং তার স্ত্রীকে বর্ণবিদ্বেষমূলক মন্তব্য করে বলে, সিটবেল্ট বাঁধতে এবং শিশুর কান্না না থামলে তাদের বিমান থেকে নামিয়ে দেওয়া হবে। আতঙ্কিত শিশু কাঁদতে থাকায় বিমানকে ফের টারম্যাকে ফিরিয়ে নিয়ে যান পাইলট। বিমান থামতেই নিরাপত্তাকর্মীরা এসে তাদের বোর্ডিং পাস কেড়ে নিয়ে বিমান থেকে নেমে যেতে বাধ্য করে।
পাঠক বলেন, এরপর ফের বার্লিনে ফিরে যান তারা সেদিনের মতো। এবং পরদিন অনেক বেশি টাকা দিয়ে লন্ডন যান।
ব্রিটিশ এয়ারওয়েজকে তিনি অভিযোগ জানিয়ে চিঠি লিখলে কোম্পানির মুখপাত্র জানান, তাদের কোম্পানি কখনও এধরনের কাজের সমর্থন করে না। সাধারণত নিরাপত্তার স্বার্থে বিমান ওড়ার সময় সব যাত্রীরই সিটবেল্ট বেঁধে রাখার নিয়ম রয়েছে।
তবে এক্ষেত্রে ঠিক কী ঘটেছিল তা জানতে ঘটনার পূর্ণ তদন্ত শুরু করেছে ব্রিটিশ এয়ারওয়েজ এবং অভিযোগকারী গ্রাহকের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে।















