২৫ অক্টোবর, সোমবার থেকে লন্ডনে কার্যকর হবে সম্প্রসারিত আলট্রা-লো-এমিশন-জোন। বর্তমানে এই জোন কেবল সেন্ট্রাল লন্ডনে কার্যকর আছে। পরিবেশ রক্ষায় সোমবার থেকে এই এলাকার আয়তন ১৭ গুন বাড়িয়ে নর্থ এবং সাউথ সার্কুলার রোডের আগ পর্যন্ত সম্প্রসারিত হবে।
এর ফলে যেসব কার, মোটরসাইকেল ও ভ্যান পরিবেশ-বান্ধব নয়, সম্প্রসারিত নতুন এলাকায় সেসব নিয়ে প্রবেশ করতে হলে দৈনিক সাড়ে বারো পাউনড পরিশোধ করতে হবে। আর লরি, বাস ও কোচ এর জন্য দৈনিক চার্জ হবে ১শ পাউনড। এই ফী পরিশোধ না করলে ১৬০ পাউন্ড জরিমানা হতে পারে।
কিন্তু নতুন এই নিয়মের সাথে মানিয়ে নিতে লন্ডনের বাসিন্দারা কতোটা প্রস্তুত?
এই মুহূর্তে অবশ্য সম্প্রসারিত এলাকার প্রতি ৫টি গাড়ির মধ্যে ৪টিই ট্রান্সপোর্ট ফর লন্ডন কর্তৃপক্ষের নির্ধারিত স্ট্যান্ডার্ড এর পরীক্ষায় উত্তীর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে। কিন্তু ট্রান্সপোর্ট ফর লন্ডন কর্তৃপক্ষের হিসেবে এখনও ১ লক্ষ ৩৮ হাজার নিবন্ধিত গাড়ি সম্প্রসারিত এলাকায় রয়েছে, যেগুলো নির্ধারিত মানদণ্ডে উত্তীর্ণ হতে ব্যর্থ হবে। এসব গাড়ির মধ্যে রয়েছে ১৫ বছরের বেশী পুরনো পেট্রল চালিত গাড়ি, ছয় বছরের বেশী পুরনো ডিজেল চালিত গাড়ি।
সম্প্রসারিত আলট্রা-লো-এমিশন-জোনকে সমর্থন করছেন পরিবেশবাদীরা। তবে এটিকে অত্যন্ত ব্যয়বহুল এবং টিএফএল কর্তৃপক্ষের অর্থ উপার্জনের উপায় বলে সমালোচনা করছেন লন্ডনের অনেক বাসিন্দা।
কিন্তু আপনি পছন্দ করুন আর নাই করুন ২৫ অক্টোবর থেকে লন্ডনে কার্যকর হতে যাছে সম্প্রসারিত আলট্রা-লো-এমিশন-জোন।















