প্রধানমন্ত্রীকে মিষ্টি পাঠাবেন মির্জা ফখরুল

840

ঢাকা সংবাদদাতা: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মিষ্টি পাঠাবেন বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার মির্জা ফখরুলের নিজ জেলা ঠাকুরগাঁওয়ে গিয়ে তার সমালোচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বক্তব্য দিয়েছেন তার প্রতিক্রিয়ায় একথা বলেন।

শুক্রবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মির্জা ফখরুল বলেন, আমি মিষ্টি পাঠাবো ওনার (প্রধানমন্ত্রী ) কাছে। আমার অনেক উপকার করেছেন। উনি কালকে আমার ভোট অনেক বাড়িয়ে দিয়েছেন।

মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়ার স্বাস্থ্য আরো অবনতির দিকে যাচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করছে বিএনপি। এজন্য বেগম জিয়ার মুক্তি দাবি করেন তিনি। যাতে তিনি (খালেদা জিয়া) সিদ্ধান্ত নিয়ে দেশে বা দেশের বাইরে চিকিৎসা করাতে পারেন। এই সিদ্ধান্ত তিনি নেবেন।

খালেদা জিয়ার সু-চিকিৎসার জন্য সব প্রকার ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে তিনি বলেন, তার ব্যক্তিগত চিকিৎসক দিয়ে বেগম জিয়ার স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করতে হবে। সেইসঙ্গে তাদের সুপারিশ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নিতে হবে। এছাড়া বেগম জিয়াকে যে পরিবেশে রাখা হয়েছে, যার ফলে তার স্বাস্থ্য আরো অবনতির দিকে যাচ্ছে বলে আমরা আশঙ্কা করছি।