জেলা কমিটি থেকে মতিয়া চৌধুরীকে প্রত্যাহারের সুপারিশ

765

ঢাকা সংবাদদাতা: শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীকে জেলা আওয়ামী লীগ থেকে প্রত্যাহারের জন্য দলের কেন্দ্রের কাছে সুপারিশ করেছে শেরপুর জেলা আওয়ামী লীগ। একই সঙ্গে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সংসদ সদস্য প্রকৌশলী ফজলুল হক চাঁনসহ দলের পাঁচ নেতাকে জেলা কমিটি থেকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া, নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

শনিবার (১৯ মে) শেরপুর জেলা আ. লীগের কার্যনির্বাহী কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাতে জেলা আ. লীগের দফতর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সভার এসব সিদ্ধান্ত সাংবাদিকদের জানানো হয়।

বহিষ্কৃত অন্য চারজন হলেন—জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শামছুন্নাহার কামাল, নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউল হক মাস্টার ও সাধারণ সম্পাদক মো. ফজলুল হক, নকলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জিন্নাহ।

সভায় শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীকে শেরপুর থেকে প্রত্যাহার করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এছাড়া, নকলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে তার জায়গায় এক নম্বর যুগ্ম-সাধারণ সম্পাদক শাহ মো. বুরহান উদ্দিনকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।

শনিবার (১৯ মে) শেরপুর শহরের চকবাজারে জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে বিকাল তিনটা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত এই সভা অনুষ্ঠিত হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলা আওয়ামী লীগের সভাপতি হুইপ আতিউর রহমান আতিকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় কার্যনির্বাহী কমিটির ৭১ সদস্যের মধ্যে ৫২ জন সদস্য উপস্থিত ছিলেন। সভায় অন্যান্যের মধ্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দন কুমার পাল,জাতীয় পরিষদ সদস্য মো. খোরশেদুজ্জামান চেয়ারম্যান, সহ-সভাপতি মিনহাজ উদ্দিন মিনাল, সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল বক্তব্য রাখেন।

এছাড়া, কৃষিবিদ বদিউজ্জামান বাদশা, সরকার গোলাম ফারুক, শাহ মো. বুরহান, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম চেয়ারম্যান, ঝিনাইগাতী উপজেলা কমিটির সভাপতি আব্দুল্লা হেল ওয়ারেজ নাইম ও সাধারণ সম্পাদক আমিরুজ্জামান লেবু, শ্রীবরদী উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মোতাহারুল ইসলাম লিটন, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত প্রমুখ বক্তব্য রাখেন।