ঢাকা সংবাদদাতা: দুর্নীতি দমন কমিশনকে (দুদক) প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘মানস সন্তান’ বলে আখ্যা দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, তাই প্রধানমন্ত্রী যা চাইবেন, দুদক তাই করবে।
আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে রিজভী এ মন্তব্য করেন।
বিএনপির এই নেতা বলেন, ‘জনগণ ও নৈতিক আদালতে খালেদা জিয়া নির্দোষ। দুদক সুধা ভবনের বর্ধিত অংশ, তাই খালেদা জিয়ার সাজা বাড়াতে আপিল করছে।’
পৃথিবীর কোনো দেশে সংসদ ভেঙে না দিয়ে নির্বাচনের নজির আছে কি না, সেই প্রশ্ন রাখেন রিজভী।
খালেদা জিয়াকে কারাবন্দি রেখে মাস্টারপ্ল্যানের অংশ হিসেবে নির্বাচনী ঢেউ তোলার অপচেষ্টা চলছে মন্তব্য করে রিজভী বলেন, কৃত্রিমভাবে সৃষ্ট নির্বাচনী ঢেউয়ে গা ভাসাবে না বিএনপি ও জনগণ। অবশ্যই দেশনেত্রী খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। প্রধানমন্ত্রী পদ থেকে শেখ হাসিনার পদত্যাগ নিশ্চিত করে বর্তমান সংসদ ভেঙে দিয়ে নির্দলীয় সরকারের অধীনেই নির্বাচন হতে হবে। আর সেই নির্বাচনে খালেদা জিয়ার নেতৃত্বেই বিএনপি অংশগ্রহণ করবে।
আন্তর্জাতিকভাবে স্বৈরাচারের স্বীকৃতিপ্রাপ্ত এই অবৈধ সরকারের পতন ভয়াবহভাবে হবে বলে মন্তব্য করেন রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘বারবার ঘুঘু ধান খেয়ে যেতে পারবে না। জাল ভোট, রাতের গভীরে ব্যালট বাক্স ভর্তি করার কলঙ্কিত নির্বাচন আর এ দেশে অনুষ্ঠিত হতে পারবে না। জনরোষ এবার চরম প্রতিশোধের শক্তিতে সরকারের যেকোনো নীলনকশাকে প্রতিহত করবে।’
খালেদা জিয়াকে মুক্তি না দিলে চলমান আন্দোলন আরো তীব্র বেগে ধাবিত হবে বলে সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেন রিজভী।
সংবাদ সম্মেলনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, আতাউর রহমান ঢালী, ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মাদ নাছির, প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী, সহপ্রচার সম্পাদক আসাদুল করিম শাহীন প্রমুখ উপস্থিত ছিলেন।















