৯ বছর পর ফিরলেন খুন হওয়া ব্যক্তি!

800

ঢাকা সংবাদদাতা: খুন হওয়ার ৯ বছর পর ফিরে এলেন কিশোরগঞ্জের হোসেনপুরের জালাল উদ্দিন! ২০০৯ সালের ১০ই জুলাই নিখোঁজ হন হোসেনপুরের উত্তর লাকুহাটি গ্রামের মফিজ উদ্দিনের ছেলে জালাল উদ্দিন। ঘটনার প্রায় এক বছর পর শংকর সূত্রধর, আসাদ মল্লিক, রুহুল আমিন রঙ্গু, হিরা মিয়া ও আজহারুল ইসলামকে আসামি করে অপহরণ, খুন ও লাশ গুমের মামলা করেন জালালের স্ত্রী ললিতা বেগম।

কিন্তু সবাইকে চমকে দিয়ে প্রায় ৯ বছর পর বাড়ি ফিরলেন জালাল উদ্দিন। এখন তাকে ঘিরে নতুন নতুন প্রশ্ন উঠেছে। তবে, তার পরিবারের দাবি, জালাল মানসিক ও শারীরিকভাবে অসুস্থ।

এদিকে, মামলার প্রধান আসামি শঙ্কর সূত্রধর পরিবারসহ ভারতে পালিয়ে গেলে, তার সহায়-সম্পত্তি দখলে নেয় প্রভাবশালীরা। আর পুরো ঘটনাকে সাজানো ও হয়রানিমূলক দাবি করছেন মামলার অন্য আসামি ও তাদের স্বজনরা।

গত ১৬ই জানুয়ারি আদালতে হাজির হন জালাল উদ্দিন। পরে, মামলাটি নিম্ন আদালতে পাঠাতে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দেয় জেলা ও দায়রা জজ আদালত। পাশাপাশি, মামলাটি পুনরায় তদন্তের জন্য পুলিশকে নির্দেশ দেয়া হয়েছে।