কাজাখস্তানে বাসে আগুন লেগে নিহত ৫২

513

আন্তর্জাতিক ডেস্ক : মধ্য এশিয়ার দেশ কাজাখস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে একটি বাসে আগুন লেগে কমপক্ষে ৫২ জন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বাস থেকে মাত্র পাঁচ জন বের হয়ে আসতে সক্ষম হয় এবং ঘটনাস্থলেই উদ্ধারকর্মীরা তাদের প্রাথমিক চিকিৎসা দেয়। কাজাখস্তানের অ্যাকতোলে অঞ্চলের ইরগিজ জেলায় বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি অনলাইনে বলা হয়েছে, ধারণা করা হচ্ছে বাসের সব আরোহী উজবেকিস্তানের নাগরিক। সামারাহ-শিমকেন্ট রুট ধরে তারা হয় রাশিয়ার দিকে যাচ্ছিল নাহয় রাশিয়া থেকে ফিরছিল।

সামারাহ-শিমকেন্ট রুটটির দৈর্ঘ্য ২ হাজার ২০০ কিলোমিটার। স্থানীয় বাসিন্দারা জানিয়েছে, এই রুট ধরে উজবেকিস্তানের নাগরিকরা কাজের জন্য রাশিয়ায় যাওয়া আসা করে থাকে। রাশিয়ায় নির্মাণ শ্রমিক হিসেবে হাজার হাজার উজবেক কাজ করে থাকে।