ঢাকা সংবাদদাতা: রাজধানীতে যেকোনো ধরনের ফানুস ওড়ানো থেকে বিরত থাকতে বলেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ডিএমপির এ নিষেধাজ্ঞা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
শনিবার ডিএমপি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে বলা হয়, কিছু কিছু ব্যক্তি বা গোষ্ঠী বিভিন্ন অনুষ্ঠান উপলক্ষে ঢাকা মহানগরীর বিভিন্ন জায়গা থেকে আকাশে ফানুস উড়িয়ে দিচ্ছেন। এসব ফানুসে কেরোসিন দ্বারা প্রজ্জ্বলিত বাতি থাকায় এগুলো অনির্বাপিত অবস্থায় জনবহুল রাজধানীর বিভিন্ন জায়গায় পতিত হচ্ছে। এতে অগ্নিকাণ্ডসহ নানাবিধ নিরাপত্তাজনিত হুমকির সৃষ্টি হচ্ছে। রাজধানীতে ফানুস ওড়ানো অব্যাহত রাখলে যেকোনো সময় বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে।
ঢাকা মেট্রোপলিটন এলাকায় যেকোনো ধরনের ফানুস ওড়ানো থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানানো হয়েছে। এর ব্যত্যয় হলে নগরবাসীর নিরাপত্তা নিশ্চিতকল্পে ফৌজদারি কার্যবিধি অনুসারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।















