সাইফ হাসান: আশ্রয়প্রার্থীদের জন্য মাত্র এক পাউন্ডে সাঁতারের সুযোগ দেওয়ার একটি তালিকা ঘিরে যুক্তরাজ্যের টিসাইড অঞ্চলে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দা ও বয়স্কদের তুলনায় অনেক কম খরচে এই সুবিধা দেওয়ার বিষয়টি সামনে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। মিডলসব্রো এলাকার স্থানীয় লেজার সেন্টারের বুকিং ওয়েবসাইটে এমন বৈষম্যমূলক মূল্যতালিকা দেখে অনেকেই বিস্ময় প্রকাশ করেন। তবে তীব্র প্রতিক্রিয়ার মুখে কর্তৃপক্ষ জানিয়েছে, এটি কোনো নীতিগত সিদ্ধান্ত নয় বরং প্রশাসনিক ভুলের কারণে ওয়েবসাইটে প্রদর্শিত হয়েছিল।
মিডলসব্রো ও আশপাশের এলাকার বাসিন্দারা এভরিওয়ান অ্যাকটিভের ওয়েবসাইটে সাঁতারের সেশন বুক করতে গিয়ে বিষয়টি দেখতে পান। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া স্ক্রিনশটে দেখা যায়, সাধারণ প্রাপ্তবয়স্কদের জন্য সাঁতারের ফি সাত পাউন্ড ত্রিশ পেন্স এবং শিশু ও বয়স্কদের জন্য চার পাউন্ড পাঁচ পেন্স নির্ধারণ করা হয়েছে। অথচ একই জায়গায় আশ্রয়প্রার্থীদের জন্য মাত্র এক পাউন্ডের একটি অপশন যুক্ত ছিল।
এমন মূল্য পার্থক্য দেখে ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান স্থানীয়রা। অনেকেই প্রশ্ন তোলেন, স্থানীয় করদাতা ও পেনশনভোগীদের বেশি টাকা দিতে হলে আশ্রয়প্রার্থীরা কেন এত কম খরচে এই সুবিধা পাবেন। কেউ কেউ এই সিদ্ধান্তকে অবিশ্বাস্য ও লজ্জাজনক বলে অভিহিত করেন এবং লেজার সেন্টার পরিচালনাকারীদের কাছে এর জবাবদিহি দাবি করেন।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে মিডলসব্রো কাউন্সিলের হয়ে লেজার সেন্টারগুলো পরিচালনাকারী প্রতিষ্ঠান এভরিওয়ান অ্যাকটিভ বিষয়টি স্পষ্ট করে। প্রতিষ্ঠানটির আঞ্চলিক চুক্তি ব্যবস্থাপক মার্টিন মাইলস জানান, সপ্তাহান্তে একটি প্রশাসনিক ভুলের কারণে বুকিং অপশনে ওই তালিকাটি সাময়িকভাবে চলে এসেছিল। তিনি নিশ্চিত করেন যে আশ্রয়প্রার্থীদের জন্য এক পাউন্ডে সাঁতারের কোনো অফার তাদের নেই এবং ভুলটি নজরে আসার পরপরই ওয়েবসাইট থেকে তা সরিয়ে ফেলা হয়েছে।
#যুক্তরাজ্যসংবাদ #মিডলসব্রো #ব্রিটিশকাউন্সিল #aknews #onebanglanews















