যুক্তরাজ্যে পেনশন ব্যবস্থায় বড় পরিবর্তন, চালু ২০২৭ সালে…

49

সাইফ হাসান: যুক্তরাজ্যে সাধারণ মানুষের অবসরকালীন সঞ্চয় ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে সরকার। আগামী ২০২৭ সালের গ্রীষ্মে সর্বসাধারণের জন্য বহুল প্রতীক্ষিত পেনশন ড্যাশবোর্ড সেবা চালু হতে যাচ্ছে। সরকার সমর্থিত মানিহেল্পার সেবার আওতায় এই প্ল্যাটফর্মের মাধ্যমে নাগরিকরা এক জায়গায় তাদের সব পেনশনের হিসাব দেখতে পাবেন। পেনশন মন্ত্রী টর্স্টেন বেল জানিয়েছেন, এর ফলে দীর্ঘদিন ধরে ভুলে যাওয়া বা হারিয়ে যাওয়া পেনশন ফান্ড খুঁজে পাওয়া অনেক সহজ হবে। ইতিমধ্যে ২ হাজার ৪০০টিরও বেশি স্কিম এবং প্রায় সাড়ে ৭ কোটি রেকর্ড এই ব্যবস্থার সাথে যুক্ত হয়েছে।

২০১৫ সালে প্রথম এই প্রকল্পের পরিকল্পনা নেওয়া হলেও কারিগরি জটিলতায় কয়েক দফা সময় পেছানো হয়। পেনশন মন্ত্রী টর্স্টেন বেল বলেন, এক জায়গায় সব পেনশনের তথ্য দেখতে পেলে লাখ লাখ সঞ্চয়কারী আত্মবিশ্বাসের সাথে তাদের ভবিষ্যৎ আর্থিক পরিকল্পনা করতে পারবেন।

পেনশন পলিসি ইনস্টিটিউটের সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, যুক্তরাজ্যে ৩০ লাখেরও বেশি পেনশন ফান্ডের কোনো হদিস নেই, যেগুলোর গড় মূল্য প্রায় ৬ হাজার পাউন্ড। এর মধ্যে প্রায় ২৫ লাখ ফান্ডের মালিকদের বয়স ৫৫ বছরের নিচে বলে ধারণা করা হচ্ছে।

পেনশন কমিশনের তথ্যমতে, বর্তমানে প্রায় দেড় কোটি মানুষ অবসরের জন্য প্রয়োজনের তুলনায় কম সঞ্চয় করছেন, যাদের মধ্যে নারী, স্বল্প আয়ের মানুষ এবং স্বনির্ভর পেশাজীবীরা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন। মানি অ্যান্ড পেনশনস সার্ভিসের প্রধান নির্বাহী অলিভার মর্লি এবং এজে বেলের পাবলিক পলিসি প্রধান র‍্যাচেল ভ্যাহে এই উদ্যোগকে পেনশন সঞ্চয়কারীদের জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন।

তবে পেনশনবি-র চিফ বিজনেস অফিসার লিসা পিকার্ডো সতর্ক করে বলেন, সব পেনশন এক জায়গায় দেখার পর অনেকেই তা একত্রিত করতে চাইবেন, তবে কোনো নির্দিষ্ট পেনশনের বিশেষ সুবিধা হারানোর ঝুঁকি আছে কি না তা ভালোভাবে যাচাই করা জরুরি। অন্যদিকে, আভিভা ও স্ট্যান্ডার্ড লাইফের কর্মকর্তারা ড্যাশবোর্ডটি পুরোপুরি নিরাপদ রাখার পাশাপাশি গ্রাহকদের সঠিক সিদ্ধান্ত নিতে নিয়ন্ত্রিত সহায়তা দেওয়ার ওপর জোর দিয়েছেন।

#যুক্তরাজ্য #পেনশন #অর্থনীতি #aknews #onebanglanews