সাইফ হাসান: শীত মৌসুম সামনে রেখে যুক্তরাজ্যে দ্রুত ছড়িয়ে পড়ছে অত্যন্ত ছোঁয়াচে নোরোভাইরাস। সংক্রমণ রোধে তিনটি প্রধান উপসর্গ দেখা দিলে নাগরিকদের ঘরে থাকার কঠোর নির্দেশনা দিয়েছে ইউকে হেলথ সিকিউরিটি এজেন্সি। বমি ভাব, বমি এবং ডায়রিয়া দেখা দিলে উপসর্গ পুরোপুরি সেরে যাওয়ার পরও অন্তত ৪৮ ঘণ্টা কর্মক্ষেত্র বা শিক্ষাপ্রতিষ্ঠানে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। প্রতি বছর এই ভাইরাসের কারণে দেশটিতে প্রায় ১২ হাজার মানুষকে হাসপাতালে ভর্তি হতে হয়।
স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাজ্যে নোরোভাইরাসের সংক্রমণ বাড়তে শুরু করেছে এবং শীত বাড়ার সাথে সাথে তা আরও তীব্র হতে পারে। ভাইরাসটি প্রতিনিয়ত রূপ পরিবর্তন করায় আগে আক্রান্ত হলেও শরীরে দীর্ঘমেয়াদী রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয় না। মূলত সংক্রমিত হওয়ার এক থেকে দুই দিনের মধ্যে হঠাৎ করেই এর উপসর্গ দেখা দেয় এবং সাধারণত দুই থেকে তিন দিন স্থায়ী হয়।
ইউকে হেলথ সিকিউরিটি এজেন্সি এবং এনএইচএসের তথ্যমতে, প্রধান তিনটি উপসর্গের পাশাপাশি আক্রান্ত ব্যক্তির উচ্চ তাপমাত্রা, মাথাব্যথা, পেটব্যথা এবং শরীরে ব্যথা হতে পারে। বিশেষ করে ছোট শিশু, বয়স্ক এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকা ব্যক্তিদের ক্ষেত্রে এই সংক্রমণে তীব্র পানিশূন্যতা দেখা দেওয়ার ঝুঁকি থাকে। তাই অসুস্থ হলে প্রচুর পরিমাণে তরল খাবার ও পানি পান করার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
সংক্রমণ ঠেকাতে সাধারণ মানুষের করণীয় সম্পর্কে ইউকে হেলথ সিকিউরিটি এজেন্সির প্রধান এপিডেমিওলজিস্ট অ্যামি ডগলাস জানান, শীতের শুরুতে এই ভাইরাসের প্রকোপ বাড়তে থাকায় সবাইকে সহজ কিছু স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। তিনি বলেন, অ্যালকোহলযুক্ত হ্যান্ড স্যানিটাইজার নোরোভাইরাস ধ্বংস করতে পারে না, তাই কেবল এর ওপর নির্ভর না করে সাবান ও কুসুম গরম পানি দিয়ে হাত ধুতে হবে এবং ব্লিচযুক্ত পরিষ্কারক দিয়ে ঘরের মেঝে ও আসবাব জীবাণুমুক্ত রাখতে হবে। পাশাপাশি অসুস্থ অবস্থায় অন্যদের জন্য খাবার তৈরি না করতে এবং হাসপাতাল বা কেয়ার হোমে থাকা ঝুঁকিপূর্ণ রোগীদের দেখতে না যাওয়ার আহ্বান জানান তিনি।
দূষিত খাবার, পানি কিংবা ভাইরাসে আক্রান্ত কোনো বস্তু স্পর্শ করে সেই হাত মুখে দিলে খুব সহজেই এই রোগ ছড়ায়। তাই ঘরে পরিচ্ছন্নতা বজায় রাখা এবং আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত জিনিসপত্র নিয়মিত জীবাণুমুক্ত রাখা অত্যন্ত জরুরি বলে জানিয়েছে স্বাস্থ্য কর্তৃপক্ষ।
#যুক্তরাজ্য #নোরোভাইরাস #স্বাস্থ্যসতর্কতা #aknews #onebanglanews














