টাওয়ার হ্যামলেটস এডুকেশন অ্যাওয়ার্ডস ২০২৬-এ ২৪টি স্কুল-কলেজের ২০০-এরও বেশি শিক্ষার্থীকে সম্মাননা

35

টাওয়ার হ্যামলেটসের শিক্ষার্থীদের সাফল্য, প্রতিভা ও অবদানের স্বীকৃতি

গত শনিবার, ১২ সেপ্টেম্বর টাওয়ার হ্যামলেটস এডুকেশন অ্যাওয়ার্ডস ২০২৬ অনুষ্ঠানে বারার ২৪টি স্কুল ও কলেজের ২০০-এরও বেশি শিক্ষার্থীকে তাদের অসাধারণ সাফল্য ও অবদানের জন্য সম্মাননা দেওয়া হয়েছে।

বার্ষিক এই আয়োজনটি ২০২৪ সালে পুনরায় চালু হওয়ার পর এবার তৃতীয় বছরে পা দিয়েছে। অনুষ্ঠানে শিক্ষার্থী, পরিবার, শিক্ষক, স্কুলের নেতৃবৃন্দ ও কমিউনিটি প্রতিনিধিসহ প্রায় ৯০০ জন অতিথি অংশ নেন।

শিক্ষাক্ষেত্রে সাফল্যের পাশাপাশি ক্লাসরুমের বাইরেও অসাধারণ অবদান রাখা তরুণদের অর্জন, চরিত্র ও প্রতিভাকে উদযাপন করা হয় এই অনুষ্ঠানে।

স্কুল ও কলেজগুলোর পক্ষ থেকে শিক্ষার্থীদের বিভিন্ন অর্জনের জন্য মনোনয়ন দেওয়া হয়। এর মধ্যে ছিল শিক্ষাক্ষেত্রে সাফল্য, নেতৃত্ব, সৃজনশীলতা, প্রতিকূলতা মোকাবিলায় দৃঢ়তা, অন্যের প্রতি সহমর্মিতা এবং স্কুল ও কমিউনিটির নানা ক্ষেত্রে ইতিবাচক অবদান।

কাউন্সিল পরিচালিত স্কুল, অ্যাকাডেমি, স্পেশাল স্কুল, ইন্ডিপেন্ডেন্ট স্কুল এবং কলেজের শিক্ষার্থীদের অনুষ্ঠানে সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে তরুণদের অংশগ্রহণে বিভিন্ন পরিবেশনা, বক্তব্য, ভিডিও ও অন্যান্য কার্যক্রমও অনুষ্ঠিত হয়।

এ বছর এডুকেশন অ্যাওয়ার্ড পাওয়া সব শিক্ষার্থীকে আন্তরিক অভিনন্দন জানিয়ে টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র লুৎফুর রহমান বলেন, “আমরা চাই আমাদের বারার প্রতিটি তরুণ সফল হোক এবং তাদের জন্য যে সুযোগগুলো রয়েছে, তার সর্বোচ্চ ব্যবহার করুক।

তিনি আরও বলেন, “এডুকেশন অ্যাওয়ার্ডস আমাদের বারার তরুণদের সাফল্য উদযাপন ও তাদের প্রতি আমাদের সমর্থন জানানোর অন্যতম একটি উপায়। এডুকেশন মেইনটেন্যান্স অ্যালাওয়েন্স (ইএমএ) এবং ইউনিভার্সিটি বার্সারি স্কিম পুনরায় চালু করার পর থেকে আমরা প্রায় ৬,৫০০ তরুণকে আর্থিক সহায়তা দিয়েছি, যাতে তারা তাদের শিক্ষা চালিয়ে যেতে পারে। একই সঙ্গে আমাদের ইউনিভার্সাল ফ্রি স্কুল মিল এবং স্কুল ইউনিফর্ম গ্র্যান্ট পরিবারগুলোর জীবনযাত্রার ব্যয়জনিত চাপ কমাতে সহায়তা করছে।

শিক্ষা আমাদের অন্যতম প্রধান অগ্রাধিকারউল্লেখ করে মেয়র বলেন, “শিশু, তরুণ ও পরিবারগুলোর জন্য আমরা বিনিয়োগ অব্যাহত রাখব, যাতে প্রত্যেকের বিকশিত হওয়ার এবং নিজের সম্ভাবনা পূরণ করার সর্বোত্তম সুযোগ থাকে।”

টাওয়ার হ্যামলেটসের ডেপুটি মেয়র, কাউন্সিলর মাইয়ুম তালুকদার বলেন, “এডুকেশন অ্যাওয়ার্ডস আমাদের বারার তরুণদের দৃঢ়তা, উচ্চাকাঙ্ক্ষা ও সাফল্য উদযাপনের একটি সুযোগ। এই পুরস্কারগুলো শুধু শিক্ষাক্ষেত্রে সাফল্যের স্বীকৃতি নয়। এগুলো প্রতিকূলতা মোকাবিলায় দৃঢ়তা দেখানো, অন্যদের সহায়তায় নেতৃত্ব দেওয়া, সৃজনশীলতার মাধ্যমে নিজেদের প্রকাশ করা এবং স্কুল ও কমিউনিটিতে ইতিবাচক পরিবর্তন আনতে প্রতিশ্রুতিবদ্ধ শিক্ষার্থীদেরও সম্মানিত করে।“”

তিনি আরও বলেন, “আজ যেসব শিক্ষার্থী সম্মাননা পেয়েছে, তাদের প্রত্যেকেরই নিজেদের অর্জন নিয়ে অত্যন্ত গর্বিত হওয়া উচিত। তারা ভবিষ্যতে কী অর্জন করে, তা দেখার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি।”

কাউন্সিলের চিলড্রেন, ইয়াং পিপল অ্যান্ড লাইফ চান্সেস বিষয়ক ক্যাবিনেট মেম্বার, কাউন্সিলর ফয়সাল আহমেদ বলেন, “এই পুরস্কারগুলো তরুণরা বিভিন্নভাবে কীভাবে সফল হতে পারে, তা তুলে ধরে। প্রতিটি পুরস্কারের পেছনে রয়েছে কঠোর পরিশ্রম, নিষ্ঠা ও অধ্যবসায়ের গল্প। টাওয়ার হ্যামলেটসে আমাদের যে অসাধারণ প্রতিভাবান তরুণ প্রজন্ম রয়েছে, তা যারা তাদের কাজের মাধ্যমে তুলে ধরেছে, সেই প্রত্যেক শিক্ষার্থীর জন্য আমি গর্বিত।

আমাদের স্কুলগুলোর শিক্ষক ও সহায়ক কর্মীদের পাশাপাশি অভিভাবক ও যত্নদাতাদেরও ধন্যবাদ জানানোর একটি সুযোগ হলো এডুকেশন অ্যাওয়ার্ডস। তরুণদের উৎসাহ ও সমর্থন দিয়ে তাদের পূর্ণ সম্ভাবনায় পৌঁছাতে সাহায্য করার ক্ষেত্রে তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

টাওয়ার হ্যামলেটসের ইয়াং মেয়র মুসা নূর বলেন, “এত বেশি সংখ্যক শিক্ষার্থীকে তাদের সাফল্যের জন্য সম্মানিত হতে দেখে খুবই ভালো লাগছে। এডুকেশন অ্যাওয়ার্ড পাওয়া শিক্ষার্থীরা দেখিয়েছে, কঠোর পরিশ্রম ও আত্মবিশ্বাসের মাধ্যমে আমাদের বারার তরুণরা কত কিছু অর্জন করতে পারে। আজ যারা সম্মাননা পেয়েছে, তাদের প্রত্যেকেরই নিজেদের অর্জন নিয়ে গর্বিত হওয়া উচিত এবং সামনে থাকা নতুন সুযোগগুলোর জন্য উচ্ছ্বসিত হওয়া উচিত।”

মনোনয়নের ক্ষেত্রে বিভিন্ন ধরনের যোগ্যতা ও অবদানকে বিবেচনায় নেওয়া হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা তাদের স্কুল এবং বৃহত্তর কমিউনিটিতে বিভিন্নভাবে যে অবদান রাখে, তা তুলে ধরা হয়েছে।

পুরস্কার বিতরণের পাশাপাশি অনুষ্ঠানে ছিল বিভিন্ন পরিবেশনা, ভিডিও, পুরস্কার এবং অনুষ্ঠানের পৃষ্ঠপোষক রিনে এবং ক্যানরি ওয়ার্ফ গ্রুপ (সিডব্লিউজি) -এর প্রতিনিধিদের বক্তব্য। পুরো আয়োজনের পরিকল্পনা ও বাস্তবায়নেও তরুণরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং অনুষ্ঠানে তারাই ছিল মূল আকর্ষণ।

শিশু ও তরুণদের তাদের পটভূমি বা পরিস্থিতি নির্বিশেষে বিকশিত হওয়ার সুযোগ দেওয়ার লক্ষ্যে কাউন্সিলের বৃহত্তর অঙ্গীকারের অংশ হিসেবে এডুকেশন অ্যাওয়ার্ডস আয়োজন করা হয়।

গত বছর কাউন্সিল প্রাইমারি ও সেকেন্ডারি স্কুলে নতুন ভর্তি হওয়া শিশুদের পরিবারের জন্য ইউনিভার্সাল স্কুল ইউনিফর্ম গ্র্যান্ট চালু করে। এ বছর এই স্কিমের আওতা বাড়িয়ে ইয়ার ৩ এবং ইয়ার ১০-এ ওঠা শিক্ষার্থীদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে। যেসব পরিবারের বার্ষিক আয় ৬০,০০০ হাজার পাউন্ড পর্যন্ত, তারা এই সহায়তার জন্য আবেদন করতে পারবেন।

টাওয়ার হ্যামলেটসই দেশের প্রথম স্থানীয় কর্তৃপক্ষ, যারা প্রাইমারি ও সেকেন্ডারি স্কুলের সব শিক্ষার্থীর জন্য ইউনিভার্সাল ফ্রি স্কুল মিল চালু করেছে। এর ফলে পরিবারগুলোর প্রতি শিশু, প্রতি বছর গড়ে £৫৫০ সাশ্রয় হচ্ছে।

এছাড়া টাওয়ার হ্যামলেটসই দেশের একমাত্র কাউন্সিল, যারা এডুকেশন মেইনটেন্যান্স অ্যালাওয়েন্স (ইএমএ)  পুনরায় চালু করার পাশাপাশি বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের জন্য গ্র্যান্ট প্রদান করছে। পরবর্তী দফার তহবিলের জন্য আবেদন চলতি মাসের শেষের দিকে শুরু হবে।

সমাপ্ত