ফাস্ট ফ্যাশনের বিজ্ঞাপনে ব্রিস্টলের ঐতিহাসিক নিষেধাজ্ঞা জারি

71

সাইফ হাসান: ব্রিটেনে পরিবেশ সুরক্ষায় এক যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে ব্রিস্টল সিটি কাউন্সিল। শহরটিতে ফাস্ট ফ্যাশনের বিজ্ঞাপনের ওপর কড়া নি*ষেধাজ্ঞা জারি করা হয়েছে। যুক্তরাজ্যের প্রথম শহর হিসেবে পরিবেশ দূষণকারী বিভিন্ন পণ্যের প্রচারণায় এই কঠোর অবস্থান নিল ব্রিস্টল। একই সাথে এয়ারলাইনস, ক্রুজ ও এসইউভি গাড়ির মতো কার্বন নির্গমনকারী পণ্যের প্রচারণাতেও কড়াকড়ি আনা হয়েছে।

যুক্তরাজ্যের প্রথম কোনো শহর হিসেবে ফাস্ট ফ্যাশনের বিজ্ঞাপন নি*ষিদ্ধ করার নজির গড়ল ব্রিস্টল। পরিবেশ দূষণকারী শিল্পগুলোর প্রচার ঠেকাতে নতুন এই নীতিমালা গ্রহণ করেছে শহরটির গ্রিন পার্টি পরিচালিত সিটি কাউন্সিল। নিজস্ব বিলবোর্ড ও বাস শেল্টারে এখন থেকে আর এসব পণ্যের বিজ্ঞাপন দেখা যাবে না।

সোমবার ব্রিস্টল কাউন্সিলের স্ট্র্যাটেজি অ্যান্ড রিসোর্সেস কমিটিতে আট-এক ভোটে এই নতুন বিজ্ঞাপন ও স্পনসরশিপ নীতিমালা পাস হয়। নতুন এই সিদ্ধান্তের আওতায় ফাস্ট ফ্যাশনের পাশাপাশি এসইউভি গাড়ি, বিমান সংস্থা, ক্রুজ এবং জীবাশ্ম জ্বালানি সংশ্লিষ্ট সব ধরনের বিজ্ঞাপনেও বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

কাউন্সিলের ডেপুটি লিডার হেদার ম্যাক জানান, তারা যখন নগরীর পরিবেশ, বায়ুমান ও জনস্বাস্থ্যের উন্নয়নে কাজ করছেন, তখন ব্রিস্টলকে দূষণকারীদের বিজ্ঞাপনী প্ল্যাটফর্ম হতে দেওয়া যায় না। শহরটিকে সবুজ ও প্রাণবন্ত রাখতে সমন্বিতভাবে এমন পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি ছিল বলে উল্লেখ করেন তিনি।

২০২৪ সালে গ্রিন পার্টির সবচেয়ে বড় দল হিসেবে ক্ষমতায় আসার পর থেকেই শহরটিতে জলবায়ু সচেতন পদক্ষেপ বাড়ছে। এর আগে ২০২১ সালে লন্ডনের বাইরে প্রথম কাউন্সিল হিসেবে ব্রিস্টল জাঙ্ক ফুডের বিজ্ঞাপন বন্ধ করেছিল। নতুন নীতিমালার ফলে কাউন্সিলের মালিকানাধীন সব বিলবোর্ড, বাস স্টপ শেল্টার এবং ডিজিটাল মাধ্যমে এই কড়াকড়ি কার্যকর হবে।

#aknews #onebanglanews #ব্রিস্টলসংবাদ #পরিবেশসুরক্ষা #যুক্তরাজ্য