অভিবাসী আসায় উত্তাল লন্ডনের পোর্টসমাউথের নাগরিকরা

64

সাইফ হাসান: যুক্তরাজ্যের পোর্টসমাউথে ছোট নৌকায় করে আসা প্রায় ১৪০ জন অভিবাসীকে নামানোর ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা তৈরি হয়েছে। অভিবাসীবাহী বাস আটকাতে শত শত বিক্ষোভকারী রাস্তা অবরোধ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে রায়ট পুলিশ নামানো হয় এবং এতে কয়েকজন পুলিশ সদস্য আ*ঘাতপ্রাপ্ত হন ও যানবাহন ক্ষতিগ্রস্ত হয়। সরকার এই সহিংসতার কড়া সমালোচনা করে শান্ত থাকার আহ্বান জানিয়েছে।

ফ্রান্সের শেরবার্গ উপকূল থেকে দীর্ঘ দশ ঘণ্টার ঝুঁকিপূর্ণ পথ পাড়ি দিয়ে একটি ডিঙি নৌকায় করে পোর্টসমাউথের ইস্টনি ল্যান্ডিংয়ে পৌঁছান এই অভিবাসীরা। সাধারণত অভিবাসীদের ডোভার বন্দরে নিয়ে যাওয়া হলেও দূরত্ব ও অতিরিক্ত সময়ের কথা বিবেচনা করে কোস্টগার্ড তাদের পোর্টসমাউথে নিয়ে আসে। অভিবাসীদের আগমন প্রতিহত করতে দ্রুত স্থানীয় রাস্তায় জড়ো হতে শুরু করে কয়েকশ বিক্ষুব্ধ মানুষ।

বিক্ষোভকারীরা রাস্তা আটকে দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পুলিশ বিশেষ ক্ষমতা প্রয়োগ করে এলাকা ছাড়ার নির্দেশ জারি করে। অ্যাক্টিভিস্ট ড্যানিয়েল থমাস ঘটনাস্থল থেকে সরাসরি সম্প্রচার করে রাস্তা আটকে দেওয়ার ঘোষণা দেন। দীর্ঘ অচলাবস্থা শেষে সোমবার ভোরের দিকে পুলিশি পাহারায় অভিবাসীদের নিয়ে বাসগুলো শহর ত্যাগ করতে সক্ষম হয়।

পোর্টসমাউথ সিটি কাউন্সিলের নেতা স্টিভ পিট স্থানীয় প্রশাসনকে না জানিয়ে অভিবাসীদের সেখানে আনার জন্য স্বরাষ্ট্র দপ্তরের কড়া সমালোচনা করেন। অন্যদিকে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বিক্ষোভের নামে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের চিহ্নিত করতে তদন্ত শুরু হয়েছে এবং ভিডিও ফুটেজ দেখে দায়ীদের গ্রেপ্তার করা হবে।

রবিবার মোট আটটি নৌকায় করে ৬২৫ জন অভিবাসী যুক্তরাজ্যের উপকূলে পৌঁছান। বিশ্লেষকদের মতে, ফ্রান্সের ঐতিহ্যবাহী রুটগুলোতে কড়া নজরদারির কারণে মানবপাচারকারীরা এখন নতুন পথ ব্যবহার করছে এবং বড় আকারের নৌকায় বেশি সংখ্যক মানুষ পাঠাচ্ছে।

#যুক্তরাজ্যবিক্ষোভ #অভিবাসীসংকট #পোর্টসমাউথ #aknews #onebanglanews