বিদ্যুৎ বিপর্যয়ে যুক্তরাজ্যে প্রায় সব ট্রেন চলাচল বন্ধ

109

সাইফ হাসান: যুক্তরাজ্যের রেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ক্রসকান্ট্রি তাদের প্রায় সব ট্রেন চলাচল বাতিল ঘোষণা করেছে। শনিবার বার্মিংহামের প্রধান নিয়ন্ত্রণ কক্ষে হঠাৎ বিদ্যুৎ বিভ্রাট দেখা দেওয়ায় রেল ব্যবস্থাপনা ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়ে। এর ফলে গ্লাসগো থেকে পেনজান্স এবং লিডস থেকে ম্যানচেস্টারসহ বেশিরভাগ রুটের হাজার হাজার যাত্রী চরম ভোগান্তিতে পড়েছেন। পরিস্থিতি স্বাভাবিক করতে জরুরি উদ্ধারকারী দল কাজ করলেও ভোগান্তি নিরসনে সরকারি ও বিকল্প পরিবহন সেবা চালু করা হয়েছে।

শনিবার বার্মিংহামের নিয়ন্ত্রণ কক্ষে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় রেল চলাচলের স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ ব্যবস্থা অচল হয়ে যায়। এর প্রভাবে ম্যানচেস্টার, বার্মিংহাম, লিডস, ইয়র্ক, কার্ডিফ এবং এডিনবার্গগামী গুরুত্বপূর্ণ রুটের পরিষেবাগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে।

যুক্তরাজ্যের পরিবহন মন্ত্রী হেইডি আলেকজান্ডার ঘটনাটিকে গভীর উদ্বেগজনক বলে উল্লেখ করেছেন। তিনি নেটওয়ার্ক রেলের কর্মীদের দ্রুত বিদ্যুৎ ও নিয়ন্ত্রণ ব্যবস্থা পুনরুদ্ধারের নির্দেশ দেওয়ার পাশাপাশি অন্যান্য সরকারি পরিবহন সংস্থাকে বাড়তি পরিষেবা দেওয়ার আহ্বান জানিয়েছেন।

রেল বাতিলের কারণে বিশেষ করে সাপ্তাহিক ছুটির দিনে বের হওয়া যাত্রী এবং প্রিমিয়ার লিগের ফুটবল ম্যাচ দেখতে যাওয়া দর্শকেরা সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন। পরিস্থিতি সামাল দিতে রবিবার কাটা টিকিটগুলো আগামী বুধবার পর্যন্ত ব্যবহারের সুযোগ দেওয়া হয়েছে এবং ক্ষতিগ্রস্ত যাত্রীদের জন্য ক্ষতিপূরণ ও টিকিটের অর্থ ফেরতের ব্যবস্থা রাখা হয়েছে।

#aknews #onebanglanews #যুক্তরাজ্য #ট্রেনবাতিল #বিদ্যুৎবিভ্রাট