স্টারমারকে জুরি ট্রায়াল কমানোর পরিকল্পনা পুনর্বিবেচনার আহ্বান আইনজীবীদের

66

ইংল্যান্ড ও ওয়েলসে জুরি ট্রায়ালের সংখ্যা কমানোর প্রস্তাব নিয়ে সরকারের সামনে এখন পর্যন্ত সবচেয়ে বড় ব্যাকবেঞ্চ বিদ্রোহের আশঙ্কা দেখা দিয়েছে।

হাজারো আইনজীবী প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে লেখা এক চিঠিতে ইংল্যান্ড ও ওয়েলসে জুরি ট্রায়ালের সংখ্যা কমানোর পরিকল্পনাকে “অজনপ্রিয়, পরীক্ষিত নয় এবং দুর্বল প্রমাণভিত্তিক” বলে উল্লেখ করেছেন।

সাবেক পাবলিক প্রসিকিউশনের পরিচালক কিয়ার স্টারমারকে লেখা এই চিঠিতে ৩,২০০ আইনজীবী স্বাক্ষর করেছেন, যার মধ্যে ৩০০ জন জ্যেষ্ঠ ব্যারিস্টার রয়েছেন। সরকার ক্ষমতায় আসার পর এটিকে সবচেয়ে বড় ব্যাকবেঞ্চ বিদ্রোহগুলোর একটি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

বিচারমন্ত্রী ডেভিড ল্যামি পরিকল্পনার বিরোধিতা করা লেবার পার্টির অন্যতম নেতা ব্যাকবেঞ্চার কার্ল টার্নারের মত পরিবর্তনের চেষ্টা করেন। সোমবার রাতে তাদের বৈঠক হলেও সেই চেষ্টা ব্যর্থ হয়। এর আগে ৩৮ জন লেবার এমপির একটি চিঠির সমন্বয়কারী টার্নার বলেন, তিনি “একেবারেই” রাজি হননি।

মঙ্গলবার পার্লামেন্টে বিলটির দ্বিতীয় পাঠ ঠেকাতে ভোটের উদ্যোগ নিতে পারে কনজারভেটিভরা। তবে লেবার পার্টির ভেতরের বিদ্রোহের প্রকৃত মাত্রা এখনো স্পষ্ট নয়। ধারণা করা হচ্ছে, ৬৫ জনের বেশি লেবার এমপি বিলটির বিপক্ষে ভোট দেওয়ার কথা ভাবছেন। তবে অনেকেই সরাসরি বিরোধিতা না করে পরে আইন প্রণয়ন প্রক্রিয়ার পরবর্তী ধাপে, যেমন রিপোর্ট পর্যায়ে, এর বিরুদ্ধে ভোট দিতে পারেন।

মঙ্গলবার সকালে একাধিক সাক্ষাৎকারে আদালতবিষয়ক মন্ত্রী সারা স্যাকম্যান নিশ্চিত করতে পারেননি যে ভোটে বিদ্রোহ করলে লেবার এমপিদের ‘হুইপ’ প্রত্যাহার করা হবে কি না।

টাইমস রেডিওকে তিনি বলেন, “কঠিন বা গুরুত্বপূর্ণ কোনো কাজই সহজ নয়। আমি সেই বিতর্ক থেকে পিছিয়ে যাই না। বরং এসব কণ্ঠস্বর সংসদে বিলটি খতিয়ে দেখা ও উন্নত করতে আমাদের সহায়তা করবে।” ছায়া বিচারমন্ত্রী নিক টিমোথি সরকারকে “একটি প্রাচীন অধিকারের ওপর অগ্রহণযোগ্য আক্রমণ” চালানোর অভিযোগ করেছেন।

তিনি বলেন, “জুরি নাগরিক ও রাষ্ট্রের মধ্যে একটি সুরক্ষা দেয়। কিন্তু কিয়ার স্টারমার ও ডেভিড ল্যামি আদালত সংস্কারের কঠিন কাজের বদলে রাজনৈতিক সুবিধাকে অগ্রাধিকার দিচ্ছেন, তাই লেবার এটিকে দুর্বল করতে চাইছে।” সোমবার ল্যামি বিলটির বিরোধীদের সতর্ক করে বলেন, এটি আটকে দেওয়া হলে অপরাধীরা মুক্ত হয়ে যেতে পারে।

ডেপুটি প্রধানমন্ত্রী টেলিগ্রাফে লেখা এক মতামত নিবন্ধে বলেন, “আজ ব্রিটেনজুড়ে অনেক ভুক্তভোগী একই ভোগান্তির মধ্য দিয়ে যাচ্ছেন। তাদের জন্য বিচার বিলম্বিত হওয়া মানে বিচার না পাওয়া। যখন এমন হয়, তখন অপরাধীরা রাস্তায় ঘুরে বেড়ায় এবং নতুন ভুক্তভোগী তৈরি হয়।”