লন্ডনে চার্চিলের ভাস্কর্যে ফিলিস্তিনপন্থী স্লোগান লিখে বিকৃত করায় এক ব্যক্তি গ্রেপ্তার

93

সাইফ হাসান: লন্ডনের পার্লামেন্ট স্কয়ারে অবস্থিত সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার উইনস্টন চার্চিলের ভাস্কর্যে গ্রাফিতি আঁকার অভিযোগে এক ব্যক্তিকে আদালতে হাজির করা হয়েছে। কাসপার সান জিওর্জিও নামের ওই ব্যক্তির বিরুদ্ধে ভাস্কর্যটি বিকৃত করার মতো অপ*রাধ করার অভিযোগ আনা হয়েছে। শুক্রবার ভোরে ভাস্কর্যটিতে ফিলিস্তিনপন্থী বিভিন্ন স্লোগান লিখে দেওয়া হয় যা নিয়ে বেশ আলোচনার সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে এই ধরনের কাজ কোনোভাবেই বরদাস্ত করা হবে না এবং অভিযুক্তকে আটক করা হয়েছে। আদালতের পরবর্তী শুনানি আগামী সোমবার পর্যন্ত মুলতবি রাখা হয়েছে কারণ অভিযুক্তের জন্য একজন ডাচ দোভাষীর প্রয়োজন।

৩৮ বছর বয়সী কাসপার সান জিওর্জিওর বিরুদ্ধে অভিযোগ যে তিনি সেন্ট্রাল লন্ডনের পার্লামেন্ট স্কয়ারে অবস্থিত চার্চিলের মূর্তিতে স্প্রে করে গ্রাফিতি এঁকেছেন। ওয়েস্টমিনিস্টার ম্যাজিস্ট্রেট আদালতে ভিডিও লিংকের মাধ্যমে তাকে হাজির করা হলেও তিনি নিজের পরিচয় নিশ্চিত করতে অস্বীকৃতি জানান।

ভাস্কর্যটিতে ‘ফ্রি প্যালেস্টাইন’ এবং ‘গ্লোবালাইজ দ্য ইন্তিফাদা’ এর মতো বিভিন্ন রাজনৈতিক স্লোগান লিখে দেওয়া হয়েছিল। পুলিশ আগেই জানিয়েছিল যে এই ধরনের স্লোগান ব্যবহার করলে যে কাউকে গ্রেপ্তার করা হতে পারে। অভিযুক্ত ব্যক্তিটির কোনো স্থায়ী ঠিকানা নেই এবং তিনি বর্তমানে এক প্রকার হোমলেস জীবনযাপন করছেন।

চার্চিলের এই ভাস্কর্যটি এর আগেও বেশ কয়েকবার বিক্ষোভের সময় বিকৃত করার চেষ্টা করা হয়েছে। ২০২০ সালে ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলনের সময়ও এখানে বর্ণবাদ বিরোধী বিভিন্ন কথা লিখে দেওয়া হয়েছিল। এমনকি পরিবেশবাদী গোষ্ঠী এক্সটিংশন রেবেলিয়নের এক কর্মীকেও এর আগে এই ভাস্কর্য বিকৃত করার জন্য জরিমানা দিতে হয়েছিল।

১২ ফুট উচ্চতার এই স্মৃতিস্তম্ভটি ১৯৭৩ সালে সাবেক প্রধানমন্ত্রীর স্ত্রী লেডি চার্চিল সবার জন্য উন্মুক্ত করেছিলেন। আইভর রবার্টস-জোনসের তৈরি এই ভাস্কর্যটি লন্ডনের অন্যতম প্রধান ঐতিহাসিক নিদর্শন হিসেবে পরিচিত। আগামী সোমবার ডাচ দোভাষীর উপস্থিতিতে এই মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।

#লন্ডন #আদালত #প্যালেস্টাইন #aknews #onebanglanews