সাইফ হাসান: চলতি বছর লন্ডনের ওয়েস্ট এন্ডে বড়দিনের কেনাকাটায় উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। ব্ল্যাক ফ্রাইডে পরবর্তী সময়ে এখানে ক্রেতা সমাগম গত বছরের তুলনায় প্রায় ৯ শতাংশ বেড়েছে। যেখানে পুরো যুক্তরাজ্যে খুচরা পণ্য বিক্রি কমেছে, সেখানে ওয়েস্ট এন্ডের চিত্র সম্পূর্ণ উল্টো। মূলত রিজেন্ট স্ট্রিটে যান চলাচল বন্ধ রাখা এবং বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান এই ভিড় বাড়াতে সাহায্য করেছে। ক্রেতাদের চাপে এখন মধ্য লন্ডনের রাজপথগুলোতে উৎসবের আমেজ তুঙ্গে।
নিউ ওয়েস্ট এন্ড কোম্পানির তথ্য অনুযায়ী, নভেম্বর মাসের শেষ সপ্তাহ থেকে এখানে ক্রেতাদের আনাগোনা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। ব্ল্যাক ফ্রাইডে সপ্তাহে ক্রেতা সমাগম ৪.১ শতাংশ এবং এর পরের সপ্তাহে ৬.২ শতাংশ বেড়ে যায়। গত ৬ ও ৭ ডিসেম্বর সাপ্তাহিক ছুটিতে রিজেন্ট স্ট্রিটকে গাড়ি মুক্ত করে পদচারী এলাকায় রূপান্তর করায় সেখানে সাধারণ মানুষের উপস্থিতি গত বছরের চেয়ে ৩৩ শতাংশের বেশি বেড়েছে।
অফিস অব ন্যাশনাল স্ট্যাটিসটিকস বা ওএনএস জানিয়েছে, জাতীয়ভাবে নভেম্বরে খুচরা বিক্রি অপ্রত্যাশিতভাবে কমেছে। তবে লন্ডনের অক্সফোর্ড স্ট্রিট ও রিজেন্ট স্ট্রিটের চিত্র ছিল ভিন্ন। অক্সফোর্ড স্ট্রিটে সরাসরি গানের অনুষ্ঠানের আয়োজন ক্রেতাদের আকৃষ্ট করতে বড় ভূমিকা রেখেছে। এখানে ক্রেতা সমাগম বেড়েছে ২৫ শতাংশের বেশি।
জন লুইস ব্র্যান্ডের পরিচালক রোজি হ্যানলি জানিয়েছেন, যারা একদম শেষ মুহূর্তে কেনাকাটা করেন, তারা এখন বড় বড় শপিং সেন্টারগুলোতে ভিড় করছেন। বিশেষ করে ঘর সাজানোর সামগ্রী ও অতিথিদের জন্য প্রয়োজনীয় উপকরণের চাহিদা এখন অনেক বেশি। কেনাকাটার পাশাপাশি মানুষ এখানে খাওয়া-দাওয়া ও আড্ডা দিতেও পছন্দ করছেন।
সাধারণ ক্রেতারা জানিয়েছেন, তারা কেনাকাটার পরিকল্পনা অনেক আগেই সেরে রেখেছেন। কেউ কেউ এই সময়ে উপহার কেনার পাশাপাশি বন্ধু-বান্ধবদের নিয়ে মধ্যাহ্নভোজ ও কফি শপে আড্ডা দিয়ে সময় কাটাচ্ছেন। বড়দিনের আমেজ পুরোপুরি উপভোগ করতে অনেক ক্রেতা ভিড় এড়িয়ে আগেই কেনাকাটা শেষ করেছেন বলে জানিয়েছেন।
#লন্ডন #কেনাকাটা #বড়দিন #অর্থনীতি #বিদেশেরখবর















